Mohun Bagan Super Giant

তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট, রবিবার পঞ্জাবকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মোহনবাগান, চিন্তা আপুইয়ার বিকল্প খোঁজা নিয়ে

আইএসএলের মোহনবাগান গত তিন ম্যাচে নষ্ট করেছে সাত পয়েন্ট। শনিবার তারা ইস্টবেঙ্গলের থেকেও নীচে নেমে গিয়েছে। আর পয়েন্ট নষ্ট করতে চায় না মোহনবাগান। তারা জয়ের সরণিতে ফিরতে চাইছে পঞ্জাব এফসি ম্যাচ দিয়েই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:০৫
Share:

মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরা। ছবি: সমাজমাধ্যম।

আইএসএলের শুরুটা ভাল হওয়ার পরেও হঠাৎই ছন্দ হারিয়েছে মোহনবাগান। গত তিন ম্যাচে নষ্ট হয়েছে সাত পয়েন্ট। শনিবার তারা ইস্টবেঙ্গলের থেকেও নীচে নেমে গিয়েছে। আর পয়েন্ট নষ্ট করতে চায় না মোহনবাগান। তারা জয়ের সরণিতে ফিরতে চাইছে পঞ্জাব এফসি ম্যাচ দিয়েই। রবিবার ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান।

Advertisement

কোচ সের্জিয়ো লোবেরা মানতে চাননি যে তিনটি ম্যাচেই তাঁরা খারাপ খেলেছেন। এ দিন সাংবাদিক বৈঠকে লোবেরা বলেছেন, “দল জিতলে ঠিক আছে। কিন্তু হারলেই অনেক কথা শুরু হবে। আমাদের ভুল খোঁজা শুরু হবে। গত তিনটে ম্যাচের মধ্যে মুম্বই ম্যাচটাই শুধু জেতার মতো খেলতে পারিনি। বেঙ্গালুরু ও জামশেদপুরের বিরুদ্ধে দুটো অ্যাওয়ে ম্যাচে আমাদের অন্তত তিনটে পয়েন্ট পাওয়া উচিত ছিলই।”

লোবেরার সংযোজন, “দুটো ম্যাচেই আমরা দাপট দেখিয়েছি। বেঙ্গালুরু ম্যাচের শেষ দিকে দিমিত্রি (পেত্রাতোস) নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া না করলে তিন পয়েন্টই পেতাম। জামশেদপুরের বিরুদ্ধেও এক গোলে এগিয়ে থাকার পর অনেক সুযোগ পেয়েছিলাম। কাজে লাগাতে পারিনি। উল্টে শেষ মুহূর্তে ভুল করে এবং মনোযোগের অভাবে গোল হজম করেছি। পঞ্জাব ম্যাচে যাতে এর পুনরাবৃত্তি না হয় তার জন্য ফুটবলারদের সঙ্গে কথা বলেছি এবং অনুশীলনও করেছি।”

Advertisement

পঞ্জাব ম্যাচে চোটের জন্য খেলতে পাবেন না আপুইয়া। বাকি সব ফুটবলারই হাতে আছে মোহনবাগানের। দলকে জেতাতে কী কৌশল নেবেন তা লোবেরা ভাঙতে চাননি। তবে এটুকু বুঝিয়েছেন, খেলার ধরনে বিশেষ বদল আনবেন না। আপুইয়া না থাকায় সাহাল সামাদ বা ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্য কাউকে ব্যবহার করতে পারেন। আবার‌ রক্ষণে একজন বিদেশির সঙ্গে ভারতীয় ডিফেন্ডার রেখে আক্রমণে তিন বিদেশিকে শুরু থেকে রাখতে পারেন।‌

লোবেরা জবাবে বলেছেন, “প্রতিপক্ষ অনুযায়ী দল নামাই। পঞ্জাবের খেলা দেখেছি। সঠিক সময়ে নিজেদের কৌশল ঠিক করব। এখনও ঠিক করিনি কাদের নামাব। আপুইয়া যে ভূমিকা নেয় সেই ভূমিকায় সাহাল খেলতে পারবে না। তবে দলের খেলার ধরন বা কৌশলে বিরাট বদল আনতে চাই না।” শোনা গিয়েছে, আপুইয়ার জায়গায় দীপক টাংরির শুরু থেকে খেলতে পারে। সে ক্ষেত্রে অনিরুদ্ধ থাপা উপরের দিকে খেলবেন।

Advertisement

মোহনবাগানের প্রতিপক্ষ‌ পঞ্জাব ছ’ম্যাচে তিনটি জিতেছে। ১১ পয়েন্ট নিয়ে আইএসএলের টেবিলে সাত নম্বরে রয়েছে। কেরল ব্লাস্টার্স ও মহমেডানকে হারিয়েছে তারা। তারা চাইছে দলের অবস্থান আরও ভাল করতে। কোচ প্যানাজিয়োটিস ডিমপেরিস বলেছেন, “মোহনবাগান নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ। সব বিভাগে দক্ষ ফুটবলার আছে। ওদের হালকা ভাবে নিতে চাই না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement