ISL 2026

আইপিএলের একটি ম্যাচের মূল্যে দেখানো হয়ে যাবে আইএসএলের ১৪ মরসুম! ভারতীয় ফুটবল লিগের দর পড়ল ৯৭ শতাংশ

টালবাহানার পর অবশেষে আইএসএলের সম্প্রচারকারী সংস্থা খুঁজে পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এক তুলনায় দেখা গিয়েছে, আইপিএলের একটি ম্যাচ থেকে বোর্ডের যা আয় হয়, তাতে আইএসএলের ১৪টি মরসুমের সব ম্যাচ দেখানো হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫
Share:

আইএসএলের ট্রফি। — ফাইল চিত্র।

অনেক টালবাহানার পর অবশেষে আইএসএলের সম্প্রচারকারী সংস্থা খুঁজে পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে পরবর্তী মরসুমের জন্য অনেকটাই ক্ষতি হচ্ছে তাদের। প্রতিটি ম্যাচে যে টাকা পাবে তারা, তা আইপিএল তো দূর, ভারতের বেশির ভাগ লিগের থেকেই অনেক কম। এক তুলনায় দেখা গিয়েছে, আইপিএলের একটি ম্যাচ থেকে বোর্ডের যা আয় হয়, তাতে আইএসএলের ১৪টি মরসুমের সব ম্যাচ দেখানো হয়ে যাবে।

Advertisement

আগামী মরসুমের জন্য ৮.৬২ কোটি টাকায় ম্যাচ দেখাতে রাজি হয়েছে ফ্যানকোড। প্রতি ম্যাচে ফেডারেশন পাবে ৯.৫ লক্ষ টাকা। আগের মরসুমের থেকে অনেকটাই কম। শেষ ১০ মরসুমে ম্যাচ দেখানোর থেকে ফেডারেশন প্রতি বছর পেয়েছিল ২৭৫ কোটি টাকা। এ বার ক্ষতি হয়েছে ২৬৬.৩৮ কোটি টাকা, যা প্রায় ৯৭ শতাংশ কম।

আগের মরসুমগুলিতে ১৬৩টি ম্যাচ হত। ফেডারেশন প্রতি ম্যাচে ১.৬৮ কোটি টাকা করে পেত। এ বার ম্যাচ পিছু ৯৫ শতাংশ করে কম টাকা পাবে তারা। আইএসএলের বাজারদর নেমে গিয়েছে চারে। ক্রিকেটের পর বাজারদরের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ, প্রো কবাডি লিগ।

Advertisement

আইপিএলের সম্প্রচার থেকে ক্রিকেট বোর্ড যা টাকা পায়, তার থেকে ৫৬১৩ গুণ কম টাকা পাবে ফেডারেশন। ম্যাচের মূল্য যদি ধরা হয়, তা হলে আইপিএলের একটি ম্যাচের মূল্য আইএসএলের ম্যাচের থেকে ১২৪২ গুণ বেশি। সহজ ভাবে বললে, আইপিএলের একটি ম্যাচ থেকে বোর্ডের যা আয় হবে, তাতে আইএসএলের ১৪টি মরসুমের সব ম্যাচ দেখানো যাবে।

আশার কথা একটাই, ফেডারেশনের ঘোষণা করা সম্প্রচার স্বত্ব শুধু পরবর্তী মরসুমের জন্যই। দীর্ঘমেয়াদী চুক্তি হলে ম্যাচ পিছু আয় বাড়ার সম্ভাবনা। তবে আইপিএলের ধারেকাছে তার আসার সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement