FIFA World Cup 2026

প্লে-অফের আগে অশান্তি ইটালি শিবিরে

ফিফা ক্রমতালিকায় ইটালি রয়েছে ১২ নম্বরে। ৬৯তম স্থানে উত্তর আয়ারল্যান্ড। কিন্তু প্লে-অফ সেমিফাইনালের আগেই একেবারেই স্বস্তি নেই ইটালি শিবিরে। লিভারপুল তারকা ফেদ্রিকো চিয়েসাকে শিবির থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন কোচ জেন্নারো গাত্তুসো। কেন?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৬:৩৫
Share:

পরীক্ষা: ইটালির অন্যতম ভরসা জানলুইজি দোনারুমা। —ফাইল চিত্র।

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি। অথচ শেষ দু’টি বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতাই অর্জন করতে ব্যর্থ পাওলো রোসির দেশ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় কি খেলতে দেখা যাবে ইটালিকে? বৃহস্পতিবার রাতে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্লে-অফ সেমিফাইনালের পরেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে চিত্র। অবশ্য এই ম্যাচে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে ইটালি যে খেলবে তা কিন্তু নয়। ৩১ মার্চ জানলুইজি দোনারুমাদের ফাইনালে হারাতে হবে ওয়েলস বনাম বসনিয়া ও হারেজ়েগোভিনা ম্যাচে জয়ী দলকে।

ফিফা ক্রমতালিকায় ইটালি রয়েছে ১২ নম্বরে। ৬৯তম স্থানে উত্তর আয়ারল্যান্ড। কিন্তু প্লে-অফ সেমিফাইনালের আগেই একেবারেই স্বস্তি নেই ইটালি শিবিরে। লিভারপুল তারকা ফেদ্রিকো চিয়েসাকে শিবির থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন কোচ জেন্নারো গাত্তুসো। কেন? সাংবাদিক বৈঠকে গাত্তুসো বলেছেন, ‘‘চিয়েসার সামান্য চোট রয়েছে। তাই আমরা মনে করেছি, ওকে দলে রাখার কোনও প্রয়োজন নেই।’’ গাত্তুসোর এই মন্তব্যের পরেই তুঙ্গে বিতর্ক। কারণ, চোট নিয়েই একাধিক ফুটবলার ইটালি দলে রয়েছেন। প্রশ্ন উঠছে তা হলে কেন শুধু চিয়েসাকে বাদ দেওয়া হল? ইটালির কোচের ব্যাখ্যা, ‘‘সব ফুটবলারের মানসিক অবস্থা সমান নয়। আমি যখন বুঝতে পারি কেউ দোদুল্যমান অবস্থায় আছে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হয়।’’ গাত্তুসো দাবি করেছেন, তাঁর সঙ্গে কথা বলেই নাকি চিয়েসা দল ছেড়েছেন। বলেছেন, ‘‘আমরা দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ও উপলব্ধি করেছিল, এই পরিস্থিতির জন্য প্রস্তুত নয়। তাই বাড়ি ফিরে গিয়েছে।’’

২০২২ বিশ্বকাপের মূল পর্বে ইটালির সরাসরি যোগ্যতা অর্জনের পথে কাঁটা ছড়িয়ে দিয়েছিল উত্তর আয়ারল্যান্ডই। পাঁচ বছর আগে উইন্ডসর পার্কে সেই ম্যাচ গোলশূন্য শেষ হয়েছিল। জিততে না পারায় ইটালিকে খেলতে হয়েছিল প্লে-অফে। উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে ০-১ হারের ফলে শেষ হয়ে যায় বিশ্বকাপে খেলার আশা। বিশ্বকাপ-বিপর্যয়ের হ্যাটট্রিক আটকানোই এখন অগ্নিপরীক্ষা ইটালির।

বিশ্বকাপের মূল পর্বে শেষ ছয়টি দেশ কারা হবে তা চলতি মাসেই চূড়ান্ত হয়ে যাবে। ইউরোপ থেকে যাবে চারটি দেশ। বাকি দু’টি দেশ উঠবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।

প্লে-অফের সেমিফাইনালে ইউক্রেন খেলবে সুইডেনের বিরুদ্ধে। পোল্যান্ড মুখোমুখি হচ্ছে আলবেনিয়ার। গত দু’টি বিশ্বকাপের মূল পর্বেই খেলেছেন রবার্ট লেয়নডস্কিরা। প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ লক্ষ্য আলবেনিয়ার।

ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকবে তুরস্ক বনাম রোমানিয়া দ্বৈরথ নিয়েও। গ্রুপ পর্বে স্পেনের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে ছিল তুরস্ক। ১৯৯৮ সালের পরে কখনও বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি রোমানিয়া। শেষ চারের লড়াইয়ে স্লোভাকিয়া খেলবে কসোভোর বিরুদ্ধে। বিশ্বকাপের ছাড়পত্র আদায় করতে মরিয়া ডেনমার্কও। তাদের প্রতিপক্ষ উত্তর ম্যাসিডোনিয়া। এই পর্বেরই অন্য সেমিফাইনালে চেক প্রজাতন্ত্র খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

আন্তঃমহাদেশীয় প্লে-অফের সেমিফাইনালে বলিভিয়া মুখোমুখি হবে সুরিনামের। জামাইকার প্রতিপক্ষ নিউ ক্যালেডোনিয়া। জয়ী দল ফাইনালে কঙ্গো অথবা ইরাকের মুখোমুখি হবে। এ দিকে, আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য ইরান আগেই জানিয়েছিল তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় মার্কিন মুলুকের বাইরে। এ বার তাদের সঙ্গে সুর মেলালেন নিউ জ়িল্যান্ডের ফুটবলাররাও। তাঁরা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার বাইরে খেলতে রাজি।

সেনেগালের আবেদন: আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন হওয়ার দু’মাস পরে সেনেগালের কাছ থেকে খেতাব কেড়ে নিয়ে দেওয়া হয় মরক্কোকে। ট্রফি ফিরে পাওয়ার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হল সাদিয়ো মানের দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন