Sebastian Sawe

দু’ঘণ্টার কমে ম্যারাথন দৌড়ে ইতিহাস সেবাস্তিয়ানের, মুগ্ধ সিন্ধু

ক্রমাগত ডোপিংয়ের সমস্যায় ভোগা কেনিয়ার অ্যাথলেটিক্সে নানা বাধা কাটিয়ে সেবাস্তিয়ানের এই কৃতিত্বে তাই হইচই পড়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:১০
Share:

বিশ্বরেকর্ড: লন্ডন ম্যারাথনে ইতিহাস গড়ে সেবাস্তিয়ান। ছবি: রয়টার্স।

লন্ডন ম্যারাথন ১ ঘণ্টা ৫৯.৩০ মিনিটে শেষ করে ইতিহাস গড়লেন কেনিয়ার সেবাস্তিয়ান সওয়ে। প্রথম অ্যাথলিট হিসেবে কোনও স্বীকৃত ম্যারাথন দু’ঘণ্টার কম সময়ে শেষ করার কৃতিত্ব গড়লেন তিনি। যা একটা সময় অসম্ভব বলে ধরা হত। এর আগে যে বিশ্বরেকর্ড দখলে ছিল কেনিয়ারই প্রয়াত কেলভিন কিপ্টামের। কিন্তু তাঁর চেয়ে ৬৫ সেকেন্ড কম সময় নেন ২৯ বছর বয়সি সেবাস্তিয়ান। শুধু তিনিই নন, দ্বিতীয় স্থানে শেষ করা ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা শেষ করেন ১:৫৯:৪১ সময়ে। তৃতীয় স্থানে শেষ করা উগান্ডার জেকব কিপলিমোও আগের বিশ্বরেকর্ডের চেয়ে সাত সেকেন্ড কম সময় নেন (২:০০:২৮)।

ক্রমাগত ডোপিংয়ের সমস্যায় ভোগা কেনিয়ার অ্যাথলেটিক্সে নানা বাধা কাটিয়ে সেবাস্তিয়ানের এই কৃতিত্বে তাই হইচই পড়ে গিয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি ১৪০ জনের বেশি কেনিয়ার অ্যাথলিট নির্বাসিত হন ডোপিংয়ের অভিযোগে। কিন্তু তাতে টলানো যায়নি সেবাস্তিয়ানকে। ডোপিং ও অন্য দুর্নীতি থেকে অ্যাথলেটিক্সকে মুক্ত রাখার জন্য বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তৈরি অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (এআইইউ)-এর কাছে এই অবস্থায় সেবাস্তিয়ান সেপ্টেম্বরে বার্লিন ম্যারাথনের আগে একটাই অনুরোধ করেছিলেন, ‘‘যত বার খুশি আমায় পরীক্ষা করতে পারেন।’’ ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি বার্লিনে জয়ের আগে সেবাস্তিয়ানকে দু’মাসে ২৫ বার ডোপ পরীক্ষা করা হয়। সেবাস্তিয়ান বলেছেন, তিনি দেখাতে চেয়েছিলেন যে ‘‘ঠিক পথে থেকেও শীর্ষেওঠা যায়।’’

এই লড়াইটা কিন্তু সোজা ছিল না। ১৯৯৫ সালে জন্ম সেবাস্তিয়ানের। মাটির বাড়ি, বিদ্যুৎ না থাকা, ছোট থেকেই এ সব দেখে বড় হয়েছেন তিনি। তবে একটা ব্যাপার তাঁর মধ্যে ছোট থেকেই ছিল— দৌড়। এই দৌড় জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার দৌড় নয়, জীবনকে আঁকড়ে ধরার দৌড়। সেই লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল সেবাস্তিয়ানের এই সাফল্যে। তাই তিনি জয়ের পরে বলেছেন, ‘‘এই রেসে যা হল সেটা শুধু আমার সাফল্য নয়, এখানে উপস্থিত সবার সাফল্য।’’

ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও মুগ্ধ। সমাজমাধ্যমে সিন্ধু লিখেছেন, ‘‘দশকের পর দশক ধরে দু’ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করা প্রায় অসম্ভব ধরা হত। সেবাস্তিয়ান তা করে দেখাল। অসাধারণ কৃতিত্ব। এই সময়ে বন্ধু কেলভিনের কথা মনে পড়ে যাচ্ছে। ও নিশ্চয়ই উপর থেকে দেখে হাসছে আর আনন্দে নাচছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন