Daniil Medvedev

একটিও গেম না জিতে লজ্জার হার! খেলা শেষে মাটিতে সাত বার র‌্যাকেটের আছাড় মেদভেদেভের

মন্টে কার্লো মার্টার্স প্রতিযোগিতায় মাত্তেও বেরেত্তিনির কাছে লজ্জার হার হয় ড্যানিল মেদভেদেভেদ। তার পরেই মেজাজ হারান তিনি। আছাড় মেরে ভেঙে ফেলেন র‌্যাকেট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:১৭
Share:

আছাড় মেরে র‌্যাকেট ভাঙছেন ড্যানিল মেদভেদেভ। ছবি: রয়টার্স।

ম্যাচ হেরে মাটিতে র‌্যাকেটের আছাড় টেনিসে নতুন ঘটনা নয়। বিশেষ করে সেই খেলোয়াড়ের নাম যদি হয় ড্যানিল মেদভেদেভ। আরও এক বার কোর্টে দেখা গেল মেদভেদেভের মেজাজ। মন্টে কার্লো মার্টার্স প্রতিযোগিতায় মাত্তেও বেরেত্তিনির কাছে লজ্জার হারের পর তিনি আছাড় মেরে ভেঙে ফেলেন র‌্যাকেট।

Advertisement

বেরেত্তিনির বিরুদ্ধে একটিও গেম জিততে পারেননি তিনি। ০-৬, ০-৬ (ডবল ব্যাগেল) হারেন পুরুষদের টেনিসের প্রাক্তন এক নম্বর। খেলা শেষ হওয়ার অপেক্ষা করেননি মেদভেদেভ। দ্বিতীয় সেটের মাঝামাঝি সময়ে হঠাৎ দেখা যায়, লাল সুরকির কোর্টে মোট সাত বার র‌্যাকেটের আছাড় মারেন মেদভেদেভ। ভেঙে যায় র‌্যাকেট। তার পর সেটি ডাস্টবিনে ফেলে দেন মেদভেদেভ। নতুন র‌্যাকেট নিয়ে খেলা শুরু করেন তিনি। তাতে বিশেষ লাভ হয়নি মেদভেদেভের। একটি গেমও জিততে পারেননি রুশ তারকা।

দ্বিতীয় সেটে যখন মেদভেদেভ ০-২ গেমে পিছিয়ে রয়েছেন, তখনই বেসলাইনের ধারে র‌্যাকেট ভাঙেন তিনি। সেটা দেখে দর্শকেরা বিদ্রুপও করেন তাঁকে। এই ঘটনা ভাল ভাবে দেখেননি চেয়ার আম্পায়ার। জরিমানা হতে পারে মেদভেদেভের। আগেও মেজাজ হারিয়ে র‌্যাকেট ভেঙে জরিমানা দিতে হয়েছে তাঁকে। আবার সেই সম্ভাবনা রয়েছে।

Advertisement

বেরেত্তিনির র‌্যাঙ্কিং ৯০। ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পেয়েছেন এই ইটালীয় খেলোয়াড়। তার সামনেই খেই হারালেন মেদভেদেভ। সেই কারণেই হয়তো আরও বেশি মেজাজ হারান তিনি। ৪৯ মিনিটে খেলা জিতে বেরেত্তিনি বলেন, “আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মেদভেদেভকে হারিয়ে দেব। এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটে না। এখনও ঘোর কাটছে না।” খেলা শেষে অবশ্য অপেক্ষা করেননি মেদভেদেভ। ব্যাগ তুলে কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement