IPL 2026

একটি ফরম্যাট থেকে অবসর! আইপিএলের মাঝেই জানিয়ে দিলেন রশিদ, ভারত সফরে অনিশ্চিত আফগান স্পিনার

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেল করেছেন রশিদ খান। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:৩১
Share:

রশিদ খান। —ফাইল চিত্র।

দেশের হয়ে আর হয়তো টেস্ট খেলবেন না রশিদ খান। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন আফগানিস্তানের স্পিনার। বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেল করেছেন রশিদ। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের ক্রিকেটার। তাঁর মতে, বেশি দিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

সাংবাদিক বৈঠকে রশিদ বলেন, “লাল বলের ক্রিকেট খেলা আমার পক্ষে কঠিন। আমার চিকিৎসক বলেছেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে।”

চলতি বছর জুন মাসে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট খেলার কথা আফগানিস্তানের। কিন্তু রশিদ হয়তো সেই ম্যাচে খেলবেন না। পিঠের অস্ত্রোপচারের পর টেস্ট খেলেছিলেন রশিদ। কিন্তু তার পরেই চিকিৎসকের ধমক খান তিনি। রশিদ বলেন, “আমি অস্ত্রোপচারের পরেও টেস্ট খেলেছিলাম। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৬৭ ওভার বল করেছিলাম। সেটা দেখে চিকিৎসক বলেছিলেন, ‘তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি তোমার বেশি দিন ক্রিকেট খেলার ইচ্ছা না থাকে, তা হলে টেস্ট খেলো।’”

Advertisement

রশিদ জানিয়েছেন, তাঁর টেস্ট খেলতে ভাল লাগলেও শরীর সেই সুযোগ দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। রশিদ বলেন, “দু’ইনিংস মিলিয়ে ৬৭ ওভার বল করেছিলাম। তার পর আবার পিঠে ব্যথা শুরু হয়েছিল। চিকিৎসক বললেন, ‘তোমার এটা করা উচিত হয়নি। আবার পিঠে চোট পেলে সেরে ওঠার সম্ভাবনা কম।’ সেই কথা শুনে সিদ্ধান্ত নিই, এ বার শুধু সাদা বলের ক্রিকেটই খেলব।”

২০১৭ সালে টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পর থেকে আফগানিস্তান মোট ১২টি টেস্ট খেলেছে। তার মধ্যে ছ’টি টেস্টে খেলেছেন রশিদ। আপাতত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ তাঁর লক্ষ্য। রশিদ বলেন, “এক দিনের ক্রিকেট খেলতেও আমি ভালবাসি। ৫০ ওভারের ক্রিকেট খেলতে কোনও সমস্যা নেই। শেষ দুই টেস্টে ১২৬ ওভার বল করেছি। ১২টা এক দিনের ম্যাচের সমান। তাই আপাতত সাদা বলেই মন দিচ্ছি।”

Advertisement

দু’মাস বিরতির পর আইপিএল খেলতে নেমেছেন রশিদ। প্রথম দুই ম্যাচে তেমন ভাল বল করতে না পারলেও দিল্লির বিরুদ্ধে চার ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। রশিদকে দেখে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে ছন্দে ফিরছেন টি-টোয়েন্টিতে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে থাকা বোলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement