News Of The Day

শুরু আইপিএল। দক্ষিণবঙ্গের বিভিন্ন কেন্দ্রে প্রচার মমতা-অভিষেকের। শহরে অমিত শাহ। আর কী নজরে

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। প্রথা মেনে প্রথম ম্যাচেই নামছে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

অপেক্ষার শেষ। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। প্রথা মেনে প্রথম ম্যাচেই নামছে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা। গত বছর আরসিবির ট্রফি জয়ের উৎসব করতে গিয়ে এই স্টেডিয়ামেই প্রাণ গিয়েছিল ১১ জনের। তারপর এখানে খেলা হওয়া নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছে। সব দিক খতিয়ে দেখে অবশেষে সবুজ সঙ্কেত দিয়েছে কর্নাটক সরকার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এ বার কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

আজ জোরদার প্রচারে নামছে শাসকদল তৃণমূল। দলীয় প্রার্থীদের সমর্থনে এক দিনে একাধিক জনসভা করার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ মুখ্যমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন। তাঁর প্রথম সভা হবে রানিগঞ্জে। এর পর রঘুনাথপুর এবং কাশীপুর বিধানসভা এলাকায় পর পর দু’টি জনসভায় বক্তৃতা করবেন তিনি। তিনটি ক্ষেত্রেই তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোটের বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আজ দুই জায়গায় জনসভা করবেন। তাঁর কর্মসূচিতে রয়েছে লাভপুর ও ভগবানগোলা। এই দুই কেন্দ্রেও দলীয় প্রার্থীদের জয়ের লক্ষ্যে ভোটারদের কাছে আবেদন জানাবেন তিনি।

Advertisement

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকাল নিয়ে ‘চার্জশিট’। লাগাতার তিনটি মেয়াদের মুখ্যমন্ত্রী মমতা কোন কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ‘অবনতি’ ঘটিয়েছেন, তা নিয়েই ‘চার্জশিট’ তথা শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম সর্বোচ্চ নেতা অমিত শাহ আনুষ্ঠানিক ভাবে সেটি প্রকাশ করবেন আজ। নিউটাউনে আজ দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করবেন শাহ। সেখানেই ‘চার্জশিট’-এর আনুষ্ঠানিক প্রকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা তথা তৃণমূলের বিরুদ্ধে ‘ব্যর্থতা, দুর্নীতি এবং অপশাসন’-এর অভিযোগ হিসাবে ‘চার্জশিট’-এ কী কী তুলে ধরা হচ্ছে, সে দিকে নজর থাকছে প্রায় গোটা রাজ্যেরই।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনও অব্যাহত। শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও, তা নিয়ে বিশেষ অগ্রগতি হয়নি এখনও। পাকিস্তান মারফত আমেরিকা যে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে, তার প্রাপ্তিস্বীকার করেছে ইরান। তবে আমেরিকার সঙ্গে তারা আলোচনায় বসবে কি না, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইরান মুখে বলছে, তারা এখনই আলোচনায় বসতে রাজি নয়। এরই মধ্যে শুক্রবার উপসাগরীয় দেশগুলিকে ফের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। অন্যদিকে আমেরিকাও 'ড্রোন বোট' মোতায়েন করেছে ইরানের আশপাশে। এ অবস্থায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে‌দিকে নজর থাকবে আজ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। আজ কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ সব জায়গায় ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতে। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement