Vinesh Phogat

কুস্তির ম্যাটে প্রত্যাবর্তনের আগেই ধাক্কা, ডোপ পরীক্ষা না দেওয়ায় সতর্ক করা হল বিনেশকে

প্যারিস অলিম্পিক্সের পর আবার কুস্তির ম্যাটে নামছেন বিনেশ ফোগাট। জাতীয় ওপেন র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় খেলতে চলেছেন। তার আগে ধাক্কা খেলেন ভারতের কুস্তিগির। কী সমস্যা হয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৬:৩৪
Share:

বিনেশ ফোগাট। — ফাইল চিত্র।

প্যারিস অলিম্পিক্সের পর আবার কুস্তির ম্যাটে নামছেন বিনেশ ফোগাট। জাতীয় ওপেন র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় খেলতে চলেছেন। তার আগে ধাক্কা খেলেন ভারতের কুস্তিগির। ডোপ পরীক্ষা না দেওয়ায় তাঁকে সতর্ক করল আন্তর্জাতিক পরীক্ষা সংস্থা (আইটিএ)। আর দু’বার একই কাজ করলে নির্বাসিত হতে পারেন বিনেশ।

Advertisement

আইটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ১৮ ডিসেম্বর বেঙ্গালুরু বিনেশের ডোপ পরীক্ষা করাতে গিয়েছিলেন ডোপিং নিয়ন্ত্রণ আধিকারিক। কিন্তু এক ঘণ্টা সময়ের মধ্যে কোথাও বিনেশকে পাননি তিনি। নথিভুক্ত পরীক্ষা তালিকা বা আরটিপি-র অন্তর্গত সমস্ত ক্রীড়াবিদকে প্রতিদিন ৬০ মিনিটের একটি সময় নির্ধারিত করে দিতে হয়, যখন তিনি ডোপ পরীক্ষার জন্য তৈরি থাকবেন। যে কোনও দিন ডোপ পরীক্ষা করা হতে পারে। সেই সময় সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে পাওয়া না গেলে তা উচ্চ সংস্থাকে জানিয়ে দেওয়া হয়।

গত ৫ জানুয়ারি বিনেশকে ডোপ পরীক্ষা না দেওয়ার বিষয়টি জানানো হয়েছিল। তিনি ১৯ জানুয়ারি উত্তরে জানিয়েছিলেন, হরিয়ানা বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে হবে বলে চণ্ডীগড় গিয়েছিলেন। পাশাপাশি সন্তানের দেখভাল করার কারণেও তাঁকে বাড়ি ফিরতে হয়েছিল। বিনেশের উত্তরে সন্তুষ্ট হয়নি আইটিএ। তারা জানিয়েছেন, যতই বিনেশ বিধায়ক হোন বা তাঁর অন্য দায়িত্ব থাকুক, তিনি কোথায় আছেন সেটা জানানো সকল ক্রীড়াবিদের কর্তব্য।

Advertisement

উল্লেখ্য, যাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন বিনেশ, সেই ব্রিজভূষণ সিংহের এলাকা গোন্ডাতেই কুস্তিতে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। কিছু দিন আগে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিনেশ। বলেছিলেন, “যদি আমার, আমার দল বা সমর্থকের উপরে কোনও খারাপ ঘটনা ঘটে তা হলে ভারত সরকার দায়ী থাকবে। এমন এলাকায় প্রতিযোগিতা হচ্ছে যেখানে ওর (ব্রিজভূষণ) প্রবল প্রতিপত্তি রয়েছে। কে ম্যাচ পরিচালনা করবে, কত পয়েন্ট দেওয়া হবে, কে ম্যাট চেয়ারম্যান হবে সব ওর নিয়ন্ত্রণে থাকবে।”

বিনেশের আশঙ্কা, তাঁকে মানসিক চাপ দেওয়া হতে পারে। তিনি বলেছিলেন, “অভিযোগ জানানো ছ’জনের মধ্যে আমি একজন। মামলা এখনও আদালতে রয়েছে এবং সাক্ষীদের পরীক্ষা করা হচ্ছে। সেখানে ওর এলাকায় খেলতে নামা, ওর নিয়ন্ত্রিত ব্যক্তিদের সামনে থাকা আমার উপরে মানসিক চাপ সৃষ্টি করেছে। আমি নিশ্চিত ভাবেই ১০০ শতাংশ দিতে পারব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement