কলকাতা লিগে ব্যর্থতার পর টিমের কিছু ফুটবলারের সরাসরি সমালোচনা করেছিলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। তবে সেই সুখেন দে, সুমন হাজরাদের এখনই ছেড়ে দিচ্ছে না ক্লাব। বৃহস্পতিবার কোচের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তই নিয়েছেন সবুজ-মেরুন কর্তারা।
এ দিন সন্ধেয় বাগান অর্থ-সচিব দেবাশিস দত্তর অফিসে কোচ সঞ্জয় সেনকে নিয়ে বৈঠকে বসেছিলেন মোহনবাগান কর্তারা। বৈঠকে হাজির ছিলেন সহ-সচিব সৃঞ্জয় বসু-সহ টেকনিক্যাল কমিটির দুই সদস্য শিবাজী বন্দ্যোপাধ্যায় এবং কম্পটন দত্ত। সেখানেই সিদ্ধান্ত হয়, আই লিগের আগে কলকাতা লিগে খেলা ফুটবলারদের পারফরম্যান্স আরও ভাল করে খতিয়ে দেখতে বেশ কয়েকটি আমন্ত্রণী টুর্নামেন্টে খেলবে ক্লাব। যার মধ্যে রয়েছে সিকিম গর্ভর্নস, বরদলৈ ট্রফি-সহ বেশ কয়েকটি টুর্নামেন্ট।
এ দিনের বৈঠকেই ঠিক হয়েছে, চলতি মাসে কোনও অনুশীলন রাখা হবে না। সেনাবাহিনীর নির্দেশিকায় ১-১৫ অক্টোবর ময়দানে সব তাঁবুই বন্ধ থাকবে। তাই ১৬ অক্টোবর থেকে ফের ফুটবলারদের অনুশীলনে ডাকা হয়েছে। যার অর্থ, বাংলাদেশের আমন্ত্রণী টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না মোহনবাগান।