Shooting Of Abhiman Is Postpond

রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না এখনও, ‘অভিমান’ ছবির শুট আপাতত বন্ধ রাখলেন নির্মাতারা

“আমরা মানসিক দিক থেকে ক্লান্ত। চোখের সামনে সারা ক্ষণ রাহুলের মুখ ভাসছে। আমরা তাই বাকি পাঁচ দিনের কাজ বন্ধ রেখেছি”, বললেন অভিনেতা-প্রযোজক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২২:১২
Share:

আপাতত স্থগিত ‘অভিমান’ ছবির শুটিং। ছবি: ফেসবুক।

চোখ বন্ধ করলেই যেন বন্ধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন। সারা ক্ষণ তাড়া করে ফিরছে সদ্যপ্রয়াত অভিনেতার সঙ্গে কাটানো সুখস্মৃতি। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের মুখোমুখি হলে কথা আটকে যাচ্ছে। রাহুলের একমাত্র সন্তান সহজকে সান্ত্বনা দেবেন কী, নিজেদেরই শান্ত রাখতে পারছেন কেউ!

Advertisement

এই জায়গা থেকে ‘অভিমান’ ছবির শেষ পাঁচ দিনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ছবির যৌথ প্রযোজক এবং অভিনেতা যিশু সেনগুপ্ত-সৌরভ দাস। এটি তাঁদের প্রথম ছবি। সায় রয়েছে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তেরও। খবর, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ছবির শুটিং বন্ধ রাখা হল। কলকাতাতেই হওয়ার কথা ছিল এই ছবির শুটিং। আনন্দবাজার ডট কম-কে পরিচালক এবং প্রযোজক জানিয়েছেন, এই মুহূর্তে কাজ করার মানসিক অবস্থা কারও নেই। তাই আপাতত কয়েক দিনের জন্য পিছিয়ে দেওয়া হল শুটিং।

সৌরভ বলেছেন, “রাহুলের মৃত্যু এখনও তাড়া করে ফিরছে। একের পর এক বৈঠক করে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দাদা এই ছবিতে মুখ্য ভূমিকায়। আমরা মানসিক ভাবে ক্লান্ত, বিধ্বস্ত। সবাই তাই সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত ছবির শুটিং বন্ধ থাক।” তাঁর কথায়, “এ ভাবে কাজ করা সম্ভব নয়। নিজেদের সামলে কাজে ফিরতে আমাদের একটু সময়ের প্রয়োজন। আমরা তাই বুম্বাদার সিদ্ধান্তকে মেনে নিয়েছি।” ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের শুটিং শেষ। দ্বিতীয় পর্বের শুটিং শুরুর কথা ছিল ৭ এপ্রিল, গত সোমবার থেকে। ওই দিন কর্মবিরতি থাকায় ফের পিছিয়ে যায় ছবির শুটিং। ঠিক হয়, ৯ এপ্রিল থেকে শুটিং শুরু হবে। পরে সকলের মানসিক অবস্থা বিবেচনা করেই আপাতত শুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁর। পরিচালক ইন্দ্রদীপ জানিয়েছেন, কবে থেকে শুটিং শুরু হবে এখনও ঠিক করেনি টিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement