শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলায় গত ১৫ মে চার জন গ্রেফতার হন। —ফাইল চিত্র।
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় নতুন করে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে এই দুই গ্রেফতারি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন কোচবিহারের বাসিন্দা তন্ময় দাস এবং সুব্রত আচার্য। এঁদের মধ্যে সুব্রত কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ। সোমবার তাঁদের কোচবিহার আদালতে হাজির করানো হয়েছিল। দু’জনকেই পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
২০২৫ সালের ৫ অগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সে নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। তবে প্রায় একবছর পরে গত ১৫ মে তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দে-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ। ২১ মে তাঁদের জামিনও মঞ্জুর হয়েছে। তার পরে আবার অন্য দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আগামী ৩০ মে ধৃতদের আবার আদালতে হাজির করানো হবে ।