ম্যাক্সওয়েল। ৩৮ বলে ৯০।
এ বারের আইপিএলে আরও এক বার ‘ম্যাড ম্যাক্স’-কাণ্ড ঘটার পর সেটার রহস্য ফাঁস করলেন বাইশ গজে তাঁর এ দিনেরও সঙ্গী সেই ডেভিড মিলার। “আমাদের ৭০ বলে ১৩৫ রানের পার্টনারশিপ নিয়ে বেশি কিছু বলার নেই। ক্রিজেও বেশি কিছু বলিনি। নামতেই ও বলল, ‘শোনো, আমি আজও বলকে তাড়া করব।’ ওটাই ওর স্ট্র্যাটেজি। যত পারো জোরে মারো। আমি শুধু দেখে গেলাম।”
ম্যাক্সওয়েলের (৩৮ বলে ৯০, ৬X৪, ৮X৬) পাশে মিলার (৩২ বলে ৪৭) অবশ্য শুধুই দর্শক ছিলেন, তা নয়। এমনকী দুই ‘এম’-এর নিধন পর্ব সাঙ্গর পর বেইলি-ও (১৩ বলে ৪০ নঃআঃ) সেই পরম্পরা বজায় রাখায় বরাবাটি স্টেডিয়ামে দুই কিং-এর লড়াইয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাব তুলে ফেলে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান (২৩১-৪)। তার মধ্যে শেষ ১০ ওভারে ষোলোর বেশি রানরেটে ওঠে ১৬২ রান। আর ম্যাক্সওয়েল? এখনও পর্যন্ত আইপিএল-সাতে এই অস্ট্রেলীয় ব্যাটসম্যানের ৭ ম্যাচে ৪৩৫ রান। গড় ৬২.১৪। স্ট্রাইকরেট ২০৩.২৭।
এর পরে ১১.৬ আস্কিংরেটে টার্গেট তাড়া করাটা চেন্নাইয়ের মতো হেভিওয়েট টিমের পক্ষেও যথেষ্ট সমস্যা ছিল। প্রথম ১০ ওভারের বিচারে টিম ধোনি এগিয়ে থাকলেও শেষ ১০ ওভারেই ম্যাচের ভাগ্য নির্ণয় হয়ে যায়। ধোনির মতো বিশ্বসেরা ফিনিশারের পক্ষেও সম্ভব ছিল না শেষ পাঁচ ওভারে প্রতি ছ’বলে পাঁচটা করে বাউন্ডারি মারা! ২০ ওভার শেষে ১৮৭-৬ স্কোরে থামায় টানা ছ’ম্যাচ পর ফের হারের মুখ দেখতে হল চেন্নাইকে। আগের হারটা পঞ্জাবের বিরুদ্ধেই ছিল। ‘ম্যাড ম্যাক্স’-দের আরও খুশির কারণ, সেই ম্যাচে চেন্নাইয়ের দু’শোর বেশি টার্গেট তাড়া করে পঞ্জাব জিতলেও এ দিন তার বদলা নিতে পারল না ‘ক্যাপ্টেন কুল’-এর মগজও!
সংক্ষিপ্ত স্কোর
কিংস ইলেভেন পঞ্জাব ২০ ওভারে ২৩১-৪।
চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ১৮৭-৬।