AC Price Hike

১০-১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দাম! চৈত্র সেল না কি পয়লা বৈশাখ, সস্তায় এসি কেনার কোনটা সঠিক সময়?

গরম পড়তে না পড়তেই খুচরো বাজারে বাড়তে শুরু করেছে এসির দাম। গোদের উপর বিষফোড়ার মতো মূল্যবৃদ্ধিতে ঘি ঢালছে সরকারি নীতি। এই অবস্থায় কখন সস্তায় এসি কিনতে পারবেন গ্রাহক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
Share:

—প্রতীকী ছবি।

চৈত্রের শেষে চড়ছে তাপমাত্রার পারদ। ফলে পয়লা বৈশাখ আসার আগেই খুচরো বাজারে বেড়েছে এসির দাম। শুধু তা-ই নয়, সরকারও চাইছে মূল্যবৃদ্ধি হোক ওই শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের। এ-হেন পরিস্থিতিতে এসি কেনার আদর্শ সময় কোনটা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

এসির মূল্যবৃদ্ধির নেপথ্যে তিনটি কারণকে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা। প্রথমত, গত কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে তামার দাম। বিশেষজ্ঞদের কথায়, এই ধাতুটির দর যত চড়বে ততই দামি হবে এসি। কারণ, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের কম্প্রেসার থেকে শুরু করে কন্ডেন্সারের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে বিপুল পরিমাণে ব্যবহার হয় তামা। এক কথায় যত ভাল এসি, তার মধ্যে তত বেশি তামা আছে বললে অত্যুক্তি হবে না।

দ্বিতীয়ত, এখনও এসির কিছু কিছু যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। সেগুলিকে ঘরের মাটিতে আনার খরচ দিন দিন বাড়ছে। কারণ, ইরান যুদ্ধের আবহে ডলারের নিরিখে দুর্বল হয়েছে এ দেশের টাকা। এতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র নির্মাণকারী সংস্থাগুলির খরচ যে বৃদ্ধি পেয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

তৃতীয়ত, বিদ্যুতের খরচ কমাতে নতুন নতুন আইন বা বিধি আনছে সরকার। ফলে ফি বছর এসিতে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে নির্মাণকারী সংস্থাকে। এতে গবেষণা এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বাণিজ্যিক উৎপাদন— দু’টির খরচই পাল্লা দিয়ে বাড়ছে, যে টাকাটা শেষ পর্যন্ত গুনতে হচ্ছে গ্রাহকেই।

বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক মাসে আরও বাড়বে এসির দাম। সেই বৃদ্ধি ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে। আর তাই পয়লা বৈশাখ আসার আগেই তড়িঘড়ি সস্তায় এসি কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement