iPhone

কৃত্রিম মেধার সঙ্গে বাড়তি পাওনা ১২ জিবি র‌্যাম! ফের বাড়ছে অ্যাপ্‌ল ফোনের দাম, সস্তায় কেনা যাবে কোন আইফোন?

ফের আইফোনের দাম বাড়তে চলেছে বলে জানিয়ে দিয়েছে এর নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। তবে এখনই মহার্ঘ্য হচ্ছে না সব সিরিজ়ের ডিভাইস। কোন কোন আইফোন সস্তায় কিনতে পারবেন গ্রাহক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:১৬
Share:

—প্রতীকী ছবি।

ফের বাড়ছে আইফোনের দাম। সেকথা জানিয়েছেন স্বয়ং অ্যাপ্‌লের সিইও টিম কুক। তাঁর দাবি, সম্প্রতি বেশ ঊর্ধ্বমুখী হয়েছে যন্ত্রাংশের মূল্য। আর তাই সামঞ্জস্য বজায় রেখে আইফোনের দর বৃদ্ধিতে বাধ্য হচ্ছেন তাঁরা। তবে তার পরেও কিছুটা সস্তায় কেনা যাবে মার্কিন টেক জায়ান্টটির মুঠোবন্দি ডিভাইসটির বেশ কিছু মডেল। কী ভাবে? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

অ্যাপ্‌ল জানিয়েছে, ১৮ সিরিজ়ের আইফোন কিনতে হলে বেশি টাকা দিতে হবে গ্রাহককে। অন্য দিকে ১৭ সিরিজ়ের কোনও আইফোনেরই বাড়ছে না দাম। উল্টে আইফোন ১৭ প্রো বা আইফোন ১৭ প্রো ম্যাক্সে ছাড় পাওয়ার রয়েছে সুযোগ। ফলে আপাতত সংশ্লিষ্ট ডিভাইসগুলি সস্তায় কিনতে পারবেন ব্যবহারকারীরা।

মূল্যবৃদ্ধির পাশাপাশি আইফোন ১৮ সিরিজ়ে একটা বড় বদল করছে অ্যাপ্‌ল। সেটা হল সংশ্লিষ্ট ফোনগুলিতে ১২ থেকে ১৬ জিবি র‌্যাম (র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি) পাবেন গ্রাহক। টেক বিশ্লেষকদের অনুমান, ১৮ সিরিজ়ের আইফোনে থাকবে উন্নত কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। আর সেটা গুগ্‌ল জেমিনাই হওয়ার সম্ভাবনাই বেশি।

Advertisement

কিছু দিন আগেই একটি ঘোষণায় অ্যাপ্‌ল জানায়, আইফোন ১৮ সিরিজ়ের ডিভাইসগুলিতে দুর্দান্ত ভাবে কাজ করবে কৃত্রিম মেধা প্রযুক্তি। প্রথম দিন থেকেই গ্রাহকের গোপনীয়তার অধিকারকে গুরুত্ব দিয়ে আসছে তারা। কৃত্রিম মেধা সেটা নিশ্চিত করবে বলে একরকম আশ্বাস দিয়েছে ওই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট।

আইফোন ১৮ সিরিজ়ের সমস্ত ফোনে ১২ থেকে ১৬ জিবি র‌্যাম দিতে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার জোড়া সংস্থাকে বহুল পরিমাণে চিপের বরাত দিয়েছে অ্যাপ্‌ল। তারা হল, স্যামসাং ও এসকে হাইনিক্স। তবে বর্তমানে অনেকটাই বেড়েছে র‌্যামের দাম। ফলে আইফোন ১৮ সিরিজ়ের মূল্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement