Sony TV

আগামী বছর থেকে সোনির টিভি তৈরি করবে চিনা সংস্থা! সস্তা হতে চলেছে ব্রাভিয়া?

আগামী বছর (পড়ুন ২০২৭ সাল) থেকে আর টেলিভিশন সেট তৈরি করবে না বহুজাতিক জাপানি সংস্থা সোনি। সেই দায়িত্ব একটি চিনা সংস্থার কাঁধে তুলে দিয়েছে তারা। ফলে ব্রাভিয়া ব্র্যান্ডের টেলিভিশন সেট সস্তা হবে কি না, তাই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫
Share:

—প্রতীকী ছবি।

২১ শতকে শেষ হচ্ছে সোনির একটা যুগ। আর টেলিভিশন সেট তৈরি করবে না ওই বহুজাতিক জাপানি সংস্থা। সম্প্রতি সোনির পদস্থ কর্তারা এ-হেন সিদ্ধান্ত নেওয়ায় দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। এ বার কি তবে অতীত হতে চলেছে ব্রাভিয়া টিভি? না কি সেটা তৈরিতে থাকবে তৃতীয় কোনও সংস্থার হাতযশ? বর্তমানে এই সমস্ত প্রশ্নেরই জবাব হাতড়াচ্ছেন সোনি-ভক্তেরা।

Advertisement

চলতি বছরে হোম এন্টারটেনমেন্ট ব্যবসার ৫১ শতাংশ শেয়ার একটি চিনা সংস্থার কাছে বিক্রি করেছে সংশ্লিষ্ট জাপানি সংস্থা, যার নাম টিসিএল। এর জেরে আগামী বছর থেকে আর কোনও টেলিভিশন সেট তৈরি করবে না সোনি। যদিও ব্রাভিয়া টিভির ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। ওই ব্র্যান্ডের সমস্ত কিছুই থাকছে টোকিয়োর টেক জায়ান্টটির হাতে।

২০২৭ সাল থেকে টেলিভিশন সেট তৈরি না করলেও সোনি যে পুরোপুরি এর থেকে দূরে সরে যাচ্ছে, এমনটা নয়। তারাই চিনা সংস্থাটিকে ছবি ও অডিয়ো প্রযুক্তি সরবরাহ করবে। তবে টেলিভিশন সেটের বাকি সব কিছু তৈরির দায়িত্ব থাকছে টিসিএলের উপর। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অতীতে স্মার্টফোনের ক্ষেত্রে জাপানি সংস্থাটিকে একই ধরনের সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে।

Advertisement

গত বছর (পড়ুন ২০২৫ সাল) স্মার্টফোনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সোনি। সংস্থার কর্তাব্যক্তিরা ঠিক করেন, আর নিজেদের কারখানায় মুঠোবন্দি ডিভাইস তৈরি করবেন না তাঁরা। এর বরাত পাবে তৃতীয় কোনও কোম্পানি। অর্থাৎ, স্মার্টফোনের গায়ে থাকবে সোনির লেভেল, কিন্তু সেটা তৈরি করবে অন্য কেউ।

টেলিভিশন সেটের ক্ষেত্রেও একই রকম সিদ্ধান্ত নিয়েছে এই জনপ্রিয় জাপানি সংস্থা। বিশ্লেষকদের একাংশের দাবি, এর জেরে আগামী দিনে ব্রাভিয়া টিভির সস্তা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে লাভবান হবেন গ্রাহক। তবে এ ভাবে তৃতীয় সংস্থার সাহায্যে বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণের সিদ্ধান্ত সোনির ব্র্যান্ড ভ্যালুকে যে ফিকে করবে, তা বলাই বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement