চিনা সংস্থা শাওমির স্মার্টফোন। —প্রতীকী চিত্র।
১০-২০ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন। ফের গ্রাহকদের জন্য ‘পয়সা উসুল’ মুঠোবন্দি ডিভাইস এনে বাজার কাঁপানোর ছক কষছে শাওমি! চলতি আর্থিক বছরের (২০২৬-’২৭) প্রথম ত্রৈমাসিক (এপ্রিল থেকে মে) শেষ হওয়ার মুখে তেমনই ইঙ্গিত দিলেন প্রযুক্তিবিদদের একাংশ। কবে নাগাদ বাজারে আসবে শাওমির ‘বাজেট-বান্ধব’ ফোন? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
একসময় ভারতের স্মার্টফোনের বাজারের ৩০ শতাংশ দখল করে নেয় শাওমি। ওই সময় মুঠোবন্দি ডিভাইস বিক্রির নিরিখে প্রথম স্থানে ছিল এই চিনা সংস্থা। শুধু তা-ই নয়, মাত্র ১০,০০০ টাকায় বিক্রি হত তাঁদের তৈরি জনপ্রিয় ব্র্যান্ড রেডমির নোট সিরিজ়ের স্মার্টফোন। দামে সস্তা হওয়ার জেরে সেগুলি কিনতে গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
কিন্তু, কোভিড-পরবর্তী সময় থেকেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে শাওমির ব্যবসার সূচক। ২০১৪ সালে গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট পদ থেকে মনু কুমার জৈনকে সরিয়ে দেয় এই চিনা সংস্থা। তত দিনে অবশ্য তাদের বিরুদ্ধে উঠে গিয়েছে কর ফাঁকির মামলা। ফলে, স্মার্টফোন নির্মাণকারী সংস্থাটির ৩০০ কোটি টাকা আটকে দেয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
অন্য দিকে, শাওমির এই দুর্দিনে ধীরে ধীরে ভারতের বাজারে থাবা বসাতে থাকে রিয়েলমি। ‘বাজেট-বান্ধব’ এবং দুর্দান্ত ক্যামেরা ফোন নিয়ে আসে ভিভো। এর জেরে রেডমি সিরিজ় ছেড়ে এই সমস্ত ব্র্যান্ডের দিকে ঝুঁকতে শুরু করেন ব্যবহারকারীদের একাংশ। ফলে কোভিড-পরবর্তী সময়ে ৩০ থেকে ১২ শতাংশে নেমে আসে শাওমির অংশীদারি।
এত দিন এ দেশে সংশ্লিষ্ট চিনা স্মার্টফোন নির্মাণকারী সংস্থাটির মাথায় ছিলেন এলভিন। সূত্রের খবর, এ বার তাঁর স্থলাভিষিক্ত হবেন আলেকজান্ডার ট্যাঙ্ক। চিফ এগ্জ়িকিউটিভ অফিসার (সিইও) পদের এই ব্যক্তির হাতেই গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসার ভার তুলে দিয়েছে শাওমি। তাঁর হাত ধরে ভারতের স্মার্টফোনের বাজারে চিনা সংস্থাটি ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, এ দেশের স্মার্টফোনের বিক্রি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন আলেকজান্ডার ট্যাঙ্ক। যেমন, আগামী জুলাইয়েই ভারতের বাজারে আসতে পারে রেডমি নোট-১৭ এবং রেডমি ১৭-র মতো ডিভাইস। সাধারণত জুন-জুলাইয়ে চিনে নতুন স্মার্টফোন লঞ্চ করে থাকে শাওমি। এ দেশে সেটা আসে নভেম্বর-ডিসেম্বরে।
টেক বিশ্লেষকদের দাবি, এ বার সেই জায়গা থেকে সরে একই সময় দু’টি দেশে নতুন স্মার্টফোন আনার সিদ্ধান্ত নিতে চলেছেন আলেকজান্ডার ট্যাঙ্ক। তা ছাড়া এত দিন চিনের তুলনায় ভারতের বাজারে ডিভাইসের দাম ৩০-৪০ শতাংশ বেশি রাখছিল শাওমি। গ্রাহকদের মন জয় করতে সেই জায়গা থেকেও তাদের সরে আসার সম্ভাবনা প্রবল। ফলে আগামী দিনে ফের ব্যাপক সস্তায় রেডমি সিরিজ়ের ফোনগুলি বিক্রি হবে বলেই জানিয়েছে ওয়াকিবহাল মহল।