Best Travel Luggage Buying Tips

সফরের জন্য নতুন ব্যাগ কেনার সময় কী মাথায় রাখবেন? শুধু আকার নয়, বিচার্য অনেক কিছুই

সফরের সময় ব্যাগ, স্যুটেকস নিয়ে কোন সমস্যা বেশি হয়? পুরনো জিনিস বাতিল করে নতুন ব্যাগ বা ট্রলি কেনার সময় কোন বিষয়গুলি দেখে নেওয়া প্রয়োজন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০
Share:

বেড়ানোর জন্য কোন লাগেজ কেনা ভাল? কোনটি টেঁকসই হবে, ব্যবহারের সুবিধাও হবে? ছবি: সংগৃহীত।

চামড়ার স্যুটকেস, শক্তপোক্ত অ্যাটাচি, ফিতে দেওয়া ঢাউস ব্যাগের বদলে এখন সফরের অঙ্গ আধুনির ঝাঁ চকচকে ট্রলি, স্যুটকেশ। ভারী ব্যাগ যাতে বইতে না হয়, তাই এতে জুড়েছে চাকা। সেই চাকাও যাতে যে দিকে ইচ্ছা ঘোরে, তেমন প্রযুক্তিও জুড়েছে। এসেছে স্মার্ট লক।

Advertisement

তবে পুরনো জিনিস বাতিল করে নতুন ব্যাগ বা ট্রলি কেনার সময় কোন বিষয়গুলি দেখে নেওয়া প্রয়োজন? নিউ ইয়র্ক শহরের জনপ্রিয় একটি ব্যাগ বিক্রয়কারী সংস্থার কর্তা অ্যামেট অ্যাডামাস এবং টিএসএ (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন) সংস্থার জনি জোন্স এক সাক্ষাৎকারে জানাচ্ছেন, সফরের সময় কোন ধরনের ব্যাগ বা স্যুটকেসে কেমন সমস্যা হয়। সেই সব দিক মাথায় রেখে কোন লাগেজ কেনা যায়।

১। চাকা লাগানো সাধারণ মানের ব্যাগ বা ট্রলির ক্ষেত্রে মূলত চাকা ভেঙে যাওয়া এবং চেন কেটে যাওয়ার সমস্যা হয়। বিশেষত বিমান বন্দরে কনভেয়ার বেল্ট দিয়ে আসার সময় ধাক্কা লেগে অনেক সময় চাকা নষ্ট হয়ে যায়। অমসৃণ রাস্তায় ভারী লাগেজ টানতে গেলেও চাকা খুলে যেতে পারে।

Advertisement

২। শক্ত কভারের ট্রলির ক্ষেত্রে ধাক্কা লেগে অনেক সময় সেটির কোণের দিকটি ফেটে যায়। তার মানে শক্ত ঢাকনার স্যুটকেস বা ট্রলি নেওয়া যাবে না, এমন নয়। শক্ত কভার থাকলে, ভিতরের জিনিসে ধাক্কা লাগার ভয় থাকে না। তা ছাড়া, প্যাকিংয়ের সময় বাড়তি জিনিস ঠেসে এতে ঢোকানো যায় না বলে ব্যাগ অতিরিক্ত ভারী হয়ে যাওয়ার ভয় নেই। চেন টানা নরম কভারের ট্রলিতে চেনে টেনে জিনিস রাখার জায়গা বাড়িয়ে নেওয়া যায়।

৩। সঠিক তালাও খুব গুরত্বপূর্ণ। অনেক যাত্রী ভাবেন, শক্তপোক্ত তালা থাকলেই ব্যাগ সুরক্ষিত। কিন্তু আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে টিএসএ অনুমোদিত তালা ব্যবহার করা ভাল। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা মনে করলে সুরক্ষাজনিত কারণে, তালা কেটে বা ভেঙে ভিতরে কী রয়েছে দেখতে পারেন। এ ক্ষেত্রে টিএসএ অনুমোদিত তালা থাকলে তাঁরা সেটি খুলতে পারবেন। অন্য তালা ভাঙতে হবে, আর সেই সময় স্যুটকেস, ট্রলির চেনের ক্ষতি হতে পারে।

৪। তালা লাগানো মানেই সুরক্ষিত নয়। এমন অনেক কৌশল রয়েছে, যার সাহায্য তালা লাগানো ব্যাগের চেনও কিছুটা খুলে ফেলা যায়। সফরের ব্যাগে দামি বা তেমন কোনও জিনিস থাকলে, টেপ দিয়ে সেটা আটকে ফেলা দরকার।

৫। চার চাকা বা দুই চাকা যুক্ত ব্যাগ বা ট্রলি বেছে নিতে বলছেন অভিজ্ঞেরা। কারণ, বিমানবন্দর হোক বা অন্যত্র, এগুলি টেনে নিয়ে যাওয়ার সুবিধা থাকে। ভারী হলেও বইতে হয় না।

অভিজ্ঞেরা পরামর্শ দিচ্ছেন, ব্যাগ বা ট্রলি কেনা এক প্রকার বিনিয়োগের মতো। ভাল শক্তপোক্ত জিনিস কিনলে তা অনেক দিন ব্যবহার করা যাবে, আবার চাকা ফেটে বা চেন কেটে গেলে সফরের মাঝে সমস্যায় পড়তে হবে না। ব্যাগ বা স্যুটকেসের আকারও দেখে নেওয়া দরকার। খুব ছোট হলে জিনিস আঁটবে না। আবার ঢাউস লাগেজ় নিয়ে যাওয়া বা বহন করা বেশ কষ্টকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement