দোল-হোলিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা? এমন সময় বেড়াতে গেলে সঙ্গে কী কী রাখা দরকার? ছবি: শাটারস্টক।
রং খেলবেন বেড়াতে গিয়ে? দোল-হোলি উপলক্ষে পর্যটকদের জন্য এমন অনেক ব্যবস্থাই করা হয় বিভিন্ন পর্যটনস্থলে। রঙের উৎসবে শমিল হতে হলে, শুধু পোশাক নেওয়াই যথেষ্ট নয়। সঙ্গে দরকার কিছু আনুষঙ্গিক জিনিসও। সেই সব সঙ্গে নিতে ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন বেড়াতে গিয়ে। তালিকায় মিলিয়ে দেখে নিন কোনও জিনিস বাদ পড়ছে কি না?
সঠিক পোশাক: দোল-হোলির দিনগুলিতে শৌখিন, কেতাদুরস্ত পোশাক পরে বেড়াতে গেলে, তা কিন্তু নষ্ট হতে পারে। উৎসবে কে, কখন রং ছুড়বে, তা বলা যায় না। বড়দের বারণ করা গেলেও, ছোটদের আটকানো যায় না। তা ছাড়া ট্রেনে করে বেড়াতে গেলে বাড়তি সতর্কতা প্রয়োজন। অনেক সময় ট্রেনের জানলা দিয়ও কাদা, রং ভর্তি বেলুন ছুড়ে দেওয়া হয়। তা ছাড়া, কোথাও গিয়ে দোল বা হোলির অনুষ্ঠানে অংশ নিতে হলে এমন পোশাক সঙ্গে নিন, যা উৎসবের সঙ্গে মানানসই হয়, আবার কাচলে রং উঠে যায়। না হলে তা বাতিলের খাতায় রাখতে হবে। কিংবা শুধু দোলেই ব্যবহার করা যায়, এমন সুতির পোশাকও বেছে নিতে পারেন, যাতে আরামের সঙ্গে আপস না করতে হয়।
ত্বক-চুলের সুরক্ষা: শান্তিনিকেতনে যান বা ঝাড়গ্রাম— বাইরে গিয়ে রং খেলার পরিকল্পনা থাকলে ত্বক-চুলের সুরক্ষা জরুরি। সঙ্গে নিন ব্রড স্পেক্ট্রামের সানস্ক্রিন, নারকেল তেল। রং খেলার আগে সানস্ক্রিন মেখে নিন মুখে, গায়ে। ত্বকের ধরন শুষ্ক হলে নারকেল তেলও মেখে নিতে পারেন। এতে রং ত্বকের সংস্পর্শে এলেও, ততটা ক্ষতি হবে না। তাড়াতাড়ি উঠে যাবে।
সানগ্লাস: রঙের উৎসবের দিনে ঘোরাঘুরিতে সানগ্লাস জরুরি। রোদচশমা শুধু রোদ থেকেই নয়, রং থেকেও চোখকে বাঁচায়। রং খেলার সময় কেউ আচমকা আবির ছুড়তে পারে, মুখে রং মাখাতে পারে। রোদচশমা চোখের বর্ম হিসাবে কাজ করবে।
ওয়াটারপ্রুফ পাউচ: রঙের উৎসবে মোবাইলটি রঙিন হয়ে গেলে মোটেই তা ভাল হবে না। রং খেলার সময় বা রং খেলার পরেও হাত থেকে রং লাগতে পারে মোবাইলে। জলনিরোধী স্বচ্ছ পাউচে মোবাইলটি ভরে রাখলে এমন সমস্যার সমাধান হতে পারে। সঙ্গে রাখুন এমন পাউচ।
সানস্ক্রিন: দিনভর রোদে ঘোরাঘুরি করতে হলে এক বার সানস্ক্রিন মাখাই যথেষ্ট নয়, বার বার তা মাখার দরকার হতে পারে। সঙ্গে অবশ্যই সানস্ক্রিন রাখা জরুরি। রোদের তাপে শুধু রং কালচে হয়ে যায় না, ত্বকের ক্ষতিও হয়। সানস্ক্রিন সেই ক্ষতি রুখে দিতে পারে।
ভিজে টিস্যু: রং লেগে গেলে বা কেউ মাখিয়ে দিলে তা মোছার জন্য ওয়েট টিস্যুর দরকার হবে। হাতের কাছে টিস্যু থাকলে তা দিয়ে সহজে হাত, মুখ মুছে নেওয়া যায়। বেড়াতে গেলে এটি ভীষণ কাজে লাগে।