Safety Tips for Senior Travelers

অবসরের পর ভ্রমণ, কী ভাবে নিজেদের নিরাপত্তা বজায় রেখে সফর সাজাবেন প্রবীণ নাগরিকেরা

অবসরের পরে বেড়াতে যাবেন, মাথায় রাখবেন কী? নিরাপত্তা বজায় রেখে, খরচ বাঁচিয়ে কী ভাবে সাজাবেন ভ্রমণসূচি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১০:৫৩
Share:

ভ্রমণের সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন প্রবীণ নাগরিকেরা? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বেড়াতে ভালবাসেন, অথচ কাজের চাপে সেই ভাবে ঘোরা হয় না। এমন বহু মানুষই স্বপ্ন দেখেন অবসরের পর স্বপ্নপূরণের। যাঁদের পায়ে তলায় সর্ষে, তাঁরা অনেকেই পেশাগত জীবন শেষে ভ্রমণের জন্যই সুপরিকল্পিত ভাবে সঞ্চয় করেন। তবে সঞ্চিত অর্থ পুরোটাই তো বেড়ানোর পিছনে খরচ করা চলে না। বয়সকালের অসুখবিসুখও থাকে। পকেটের উপর খুব বেশি চাপ না ফেলে, নিজেদের নিরাপত্তার দিকটি বজায় রেখে, কী ভাবে সফরসূচি সাজাতে পারেন বয়স্কেরা?

Advertisement

ভ্রমণ বিমা: অবসর পর মানেই বয়সকালের অসুখও সঙ্গী হয়। দেশের অন্যত্র বা বিদেশে গিয়ে আচমকা কেউ অসুস্থ হতেই পারেন। দেশে বিষয়টি এক রকম হলেও, বিদেশে যদি হাসপাতালে ভর্তি করাতে হয়, সেই খরচের ধাক্কা সমালানো সহজ হবে না। তাই জরুরি ভ্রমণ বিমা। ভ্রমণ বিমা বলতে ভ্রমণের অংশটুকুকেই বোঝেন অনেকে। তবে কোনও কোনও বিমার অন্তর্ভুক্ত থাকে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও। এতে দেশের ভিতরে মেডিক্যাল ইনসিয়োরেন্স চিকিৎসা পরিষেবা মিলবে। তবে বিদেশে গেলে অবশ্যই হাতে ভ্রমণবিমা থাকা উচিত।

বয়স্কদের ছাড়: কোনও কোনও বিমান পরিবহণ সংস্থায় প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে বিশেষ ছাড় মেলে। অবসরের পর ভ্রমণ করতে হলে কোথায়, কোন ধরনের সুবিধা মিলতে পারে জেনে রাখা ভাল। সেই সুযোগ কাজে লাগালে আখেরে লাভই হবে।

Advertisement

সময়: যে কোনও স্থানে ভ্রমণের আদর্শ সময় থাকে, যে সময় সেই জায়গাটি সবচেয়ে বেশি উপভোগ্য। তবে খরচ বাঁচাতে স্কুলের গরমের ছুটি, ক্রিসমাসের ছুটি বাদ দিয়ে আসাই ভাল। এমন মরসুমে ভিড়ও বেশি থাকে, খরচও বাড়ে। তবে প্রচণ্ড ঠান্ডা, গরম অথবা ভরা বর্ষার সময়টা বাদ দিয়েই বেড়াতে যাওয়াই ভাল। বিশেষত পাহাড়ি এলাকায় ধস নামতে পারে যে মরসুমে সেই সময় সফর না করাই শ্রেয়।

সফর সাজানো: বয়স হলে শরীরের জোর কমে, অল্পেই ক্লান্তি আসে। বিশেষত দীর্ঘ ট্রেন সফর বা বিমানযাত্রা কষ্টকর হয়ে পড়তে পারে। তাই সফর এমন ভাবে সাজানো দরকার, যাতে একবারে লম্বা সময় যাত্রা করতে না হয়। বিশ্রাম নিয়ে, কোনও একটি জায়গা ভাল করে ঘুরে দেখা যায়, এমন ভাবেই পরিকল্পনা করা প্রয়োজন।

Advertisement

দলবদ্ধ ভ্রমণ: বয়সকে তুড়ি মেনে অনেকেই একা ঘোরেন। তবে সেই সাহস এবং শারীরিক সামর্থ না থাকলে দল বেঁধে ঘোরাই ভাল। এতে কারও বিপদ-আপদ হলে অন্যের সাহায্য মেলে। বয়স্কদের সফর করানোর জন্য অনেক ভ্রমণ সংস্থা রয়েছে। মালপত্র বয়ে দেওয়া, বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা করা, কোনও শারীরিক সমস্যা হলে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে দেয় তারাই।

ওষুধ: বেড়াতে যাওয়ার আগে সেই জায়গার আবহাওয়া সম্পর্কে বিশদ জানা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। খুব ঠান্ডা বা অনেক উঁচু কোনও জায়গায় যেতে হলে, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা দরকার। যাওয়ার আগে শারীরিক পরীক্ষা করিয়ে নিলেও বিপদের ঝুঁকি কমতে পারে।

ইচ্ছাই প্রাধান্য পাক: বয়স হয়েছে মানেই তাঁর জন্য বরাদ্দ শুধু সমুদ্র সৈকত, আরামের সফর, তা কিন্তু নয়। বরং স্বপ্নের গন্তব্যে পৌঁছোনোর জন্য দরকার শরীরচর্চাও। শরীর যদি ঠিক থাকে, ৭০-এও পাহাড়ে চড়া যায়। ট্রেকিং করা যায়। অ্যাডভেঞ্চার করা যায়। তাই স্বপ্নপূরণে জীবনযাপনে রাশ টানা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement