Viral Video

আটতলার ফ্ল্যাটে নিজেকে আটক করলেন তরুণ, শিউরে উঠলেন স্ত্রী, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারে এলেন ‘দেবদূত’! ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আট তলার ফ্ল্যাট থেকে আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি গুজরাতের সুরতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৩:৫০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিপদে পড়লে সাধারণ মানুষের সবার আগে বোধহয় পুলিশের সাহায্য নেওয়ার কথাই মনে পড়ে। পুলিশ চাইলেই দ্রুত পদক্ষেপ করে অনেক বড় বড় সমস্যারও সমাধান করতে পারে, এমনটা মনে করেন অনেকেই। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, যা সাধারণ নাগরিকদের সেই বিশ্বাস আরও পোক্ত করেছে। একটি আট তলার ফ্ল্যাট থেকে আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি গুজরাতের সুরতের।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি ফ্ল্যাটের বাইরের দিকের গ্রিল খুলে অতি কষ্টে ভেতরে ঢুকছেন এক পুলিশকর্মী। ফ্ল্যাটটির ভেতরে থাকা এক ব্যক্তির কাছে তিনি যান। ওই ব্যক্তিকে কিছু বুঝিয়ে বলতে দেখা যায় তাঁকে। সেই তরুণের হাতে একটি ছোট শিশি ছিল, সেটি নিয়ে নেন ওই পুলিশকর্মী। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণের স্ত্রী পুলিশের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন। জানা গিয়েছে, সুরতের লাসকানায় একটি বহুতল ভবনের আট তলার একটি ফ্ল্যাটে নিজেকে বন্দি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। অবসাদের কারণে এই কাজ করতে উদ্যত হয়েছিলেন তিনি বলে খবর। তাঁকেই বাঁচাতে এই পদক্ষেপ করছে সুরত সিটি পুলিশের ‘ডায়াল ১১২’ ইউনিটের কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ কনস্টেবল শৈলেশ চূডাসমা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধারের আগেই ওই ব্যক্তি বিষাক্ত পদার্থ খেয়ে নেন। সত্বর তাঁকে জরুরি চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি স্বয়ং কর্তব্যরত পুলিশকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন।

Advertisement

এক্সের (সাবেক টুইটার) ‘নিউজ়অ্যালজেব্রাআইনডি’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রায় ২ লাখ বার দেখা হয়েছে ভিডিয়োটি। পুলিশের এই তৎপরতা সমাজমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দেড় লাখের বেশি নেটাগরিক ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ওই ভিডিয়োয়। অনেকে শেয়ারও করেছেন। সকলেই সাধুবাদ জানিয়েছেন ওই পুলিশকর্মীকে। তাঁকে বিশেষ ভাবে সম্মানিত করার দাবিও জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement