Bizarre

ফেলে দেওয়া সিম ও চিপ থেকে হলুদ ধাতু উদ্ধার, বাতিল বর্জ্যে ২৭ লক্ষ টাকার সোনা ‘ফলালেন’ চিনা তরুণ!

উচ্চ তাপ এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে প্রচুর পরিমাণে ব্যবহৃত সিম কার্ড এবং ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াকরণ করেছেন ওই চিনা ব্যক্তি। বাতিল পদার্থগুলি থেকে প্রায় ১৯১ গ্রাম সোনা পেয়েছিলেন বলে দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৪
Share:

ছবি: সংগৃহীত।

ফেলে দেওয়া সিম কার্ড ও বাতিল বৈদ্যুতিন যন্ত্রের বর্জ্য থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করলেন এক ব্যক্তি। বাতিল বৈদ্যুতিক পণ্য ও সিম কার্ড থেকে বিশেষ উপায়ে সোনা বার করে ২৭ লক্ষ টাকা পেলেন চিনের এক ব্যক্তি। সমাজমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ আগ্রহী হয়েছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহৃত সিমের চাহিদা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

চিনা সংবাদমাধ্যমে বলা হয়েছে, অনলাইনে কিয়াও নামে পরিচিত গুয়াংডং প্রদেশের হুইঝোর এই বাসিন্দা মূল্যবান ধাতু পুনরুদ্ধারের ক্ষেত্রে একজন পেশাদার। তিনি বিভিন্ন বৈদ্যুতিন বর্জ্য থেকে মূল্যবান ধাতু বার করে আনার কাজ করে থাকেন। ২০ জানুয়ারি পোস্ট করা একটি ভিডিয়োয়, কী ভাবে বাতিল যন্ত্র ও সিম কার্ড থেকে সোনা পরিশোধন করা হয় তা প্রকাশ্যে আনেন কিয়াও। ভিডিয়োটি নেটাগরিকদের মনোযোগ আকর্ষণ করেছে এবং সমাজমাধ্যমে পঞ্চাশ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে বলে দাবি।

উচ্চ তাপ এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে প্রচুর পরিমাণে ব্যবহৃত সিম কার্ড এবং ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াকরণ করেছেন কিয়াও। শোধন করার পর সে সব থেকে প্রায় ১৯১ গ্রাম সোনা পেয়েছিলেন বলে দাবি। সেই সোনার আনুমানিক মূল্য প্রায় ২০০,০০০ ইউয়ান (প্রায় ২৭ লক্ষ টাকা)। তবে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কিয়াও জানিয়েছিলেন, শুধুমাত্র সিম কার্ড থেকে এই বিপুল পরিমাণ সোনা পাওয়া সম্ভব নয়।

Advertisement

তিনি প্রায় দু’টন ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াকরণ করেছেন। তার মধ্যে টেলিযোগাযোগ শিল্পের চিপের মতো বর্জ্যও রয়েছে। চিনা তরুণ জানান, সিম কার্ডগুলিতে সামান্য পরিমাণে সোনার প্রলেপ দেওয়া থাকে। ব্যাঙ্কের কার্ডের চিপ ও অন্য বৈদ্যুতিন চিপগুলি থেকেও সোনা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কিয়াও। তবে তিনি সাধারণ মানুষকে প্রক্রিয়াটির বিপদ সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন। বিশেষজ্ঞ ছাড়া রাসায়নিক প্রক্রিয়াগুলি সম্পন্ন করলে তা হিতে বিপরীত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement