ছবি: সংগৃহীত।
গাড়ির নম্বর প্লেটের দামেই কেনা যেত আরও একটি বিদেশি বিলাসবহুল গাড়ি। ‘ডিডিসি ০১’ নামের একটি নম্বর প্লেটের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের এক বাসিন্দা। ২.০৮ কোটি টাকা দিয়ে নিলামে কেনা সেই ভিআইপি নম্বর প্লেটটি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সমাজমাধ্যমে। নিলামে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল নম্বরগুলির মধ্যে একটি এই ‘ডিডিসি ০১’।
সংবাদ প্রতিবেদন অনুসারে, বিলাসবহুল সংগ্রহ নিলামে চড়ানোর জন্য পরিচিত এক সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠানে নম্বর প্লেটটি চড়া দামে বিক্রি হয়ে যায়। এই ভিনটেজ নম্বর প্লেটটির মালিকানা ছিল যতীন আহুজা নামের এক ব্যক্তির। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা কিরণ কোলপাকুলা নামে এক ব্যক্তি নিলামে ২.০৮ কোটি টাকার দরপত্র জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হন। নিলামকারী সংস্থা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে থেকে নম্বর প্লেট নিলামের দরপত্রটি প্রকাশ করে জানায়, ‘‘আমরা জানতাম না এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। ইতিহাস তৈরি হয়েছে।’’ ২০২২ সালের ডিসেম্বরে যতীন তাঁর ভিআইপি নম্বর প্লেট-সহ নতুন গাড়ির একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন।
এই নিলাম সংস্থাটি এমনকি জনপ্রিয় তারকাদের একাধিক বিলাসবহুল গাড়িও বিক্রি করছে। এর মধ্যে রয়েছে শিল্পা শেঠির মার্সেডিজ়-মেবাখ জিএলএস ৬০০, চলচ্চিত্রনির্মাতা রোহিত শেঠির মার্সেডিজ় -বেঞ্জ সিএলএ ২০০ডি এবং ক্রিকেটার দীনেশ কার্তিকের রেঞ্জ রোভার স্পোর্ট এসভিআর। সংস্থার সূত্র অনুসারে তাদের কাছে নিলামের জন্য আরও বেশ কয়েকটি ভিনটেজ নম্বর প্লেট রয়েছে। যেমন ‘সিএইই৭৮’ এবং ‘এইচআর৫৯০০০১’ । ‘৯৯৯৯৯৯৯৯৯এক্স’ এবং ‘৮৮৮৮৮৮৮৮এক্স’-এর মতো বিরল মোবাইল নম্বরও নিলামে চড়ার অপেক্ষায়।