ছবি: সংগৃহীত।
বিনোদন পার্কে গিয়ে রাইডে চড়ার সময় সঙ্গী হিসাবে হাজির হল বিষধর এক সরীসৃপ। ওয়াটার রাইড চলাকালীন ঢালু অংশ বেয়ে নামার সময় এক তরুণীর আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কারণ তিনি যখন ঢালু স্লিপের মতো অংশ বেয়ে নামছিলেন ঠিক তার সামনেই নড়েচড়ে বেড়াচ্ছিল একটি সাপ! সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ইন্দোনেশিয়ার জাকর্তার একটি ওয়াটার পার্কে। তরুণীর ওয়াটার রাইডটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাপটিও তাঁর আগে আগে দ্রুত গতিতে চলতে শুরু করে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওয়াটার পার্কে গিয়ে এক তরুণী একটি হাওয়ায় ফোলানো টিউবের উপর বসে ওয়াটার স্লাইড দিয়ে নীচে নামছেন। ভিডিয়োর শুরুতে প্রথমে সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করেই রাইডের স্লাইডে একটি সাপ দৃষ্টিগোচর হল তরুণীর। সরীসৃপটিকে জলে ভেজা ঢালু স্লাইডে ছটফট করতে দেখা গিয়েছে ভিডিয়োয়। সাপটিকে দেখামাত্রই তরুণী আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। সরীসৃপটির খুব কাছে না যাওয়ার চেষ্টা করেন তিনি। যেহেতু তিনি একটি হাওয়াভরা টিউবে বসেছিলেন, তাই রাইড চলাকালীন তিনি সরীসৃপটির সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখতে পেরেছিলেন। ভিডিয়োয় ধরা পড়েছে পিচ্ছিল স্লাইড থেকে তরুণী এগোনোর সঙ্গে সঙ্গে সাপটিও ভয় পেয়ে যায়। প্রাণপণেও সে-ও স্লাইড ধরে পালানোর চেষ্টা করে।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘জেকেটিলাক্স’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে বহু নেটাগরিকই মজার মজার প্রতিক্রিয়া দিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, “সাপের সঙ্গে এক রোমাঞ্চকর দৌড়।” অন্য এক নেটাগরিক লিখেছেন, “বিশ্বাস করুন, সাপটা আরও বেশি ভয় পেয়েছে।”