ছবি: এক্স থেকে নেওয়া।
ইন্দোনেশিয়ার আকাশে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। সেই দৃশ্য দেখে অনেকে এতটাই মুগ্ধ যে তাঁরা এটিকে অলৌকিক বলে আখ্যা দিয়েছেন। সাধারণ মেঘের বদলে আকাশ জুড়ে দৃশ্যমান হয়েছিল বেগনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল রঙের ছটা। রামধনুরঙা মেঘের সেই দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই দৃশ্য দেখে এক দিকে যেমন বিস্মিত হয়েছেন বহু নেটাগরিক তেমন এর পিছনের কারণ জানতে কৌতূহলী হয়েছেন অনেকেই। আবার অনেকেই ভিডিয়োটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি বলে দাবি তুলেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উজ্জ্বল গোলাপি ও সবুজ থেকে শুরু করে গাঢ় নীল পর্যন্ত বিভিন্ন রঙের উজ্জ্বল রেখায় ঘেরা একটি বিশাল মেঘপুঞ্জ উদয় হয়েছে আকাশে। আলোর তুলিতে আঁকা জ্যোতির্বলয়ের মতো ধনুকের আকারের সেই মেঘ আকাশ জুড়ে বিস্তৃত হয়েছে। ক্যামেরার লেন্স উপরের দিকে তাক করার সঙ্গে সঙ্গে মেঘের কিনারা বরাবর রংগুলি যেন বদলে বদলে যাচ্ছিল। রঙের ঝিলিকও দেখা দিচ্ছিল মাঝেমধ্যে। এর ফলে মেঘটিকে কখনও একটি বিশাল রামধনুর ঢেউ, আবার কখনও আকাশ জুড়ে বিস্তৃত একটি ভাসমান, উজ্জ্বল চাঁদোয়ার মতো দেখাচ্ছিল। দৃশ্যটি এতটাই নিখুঁত দেখতে লাগছিল যে বহু নেটাগরিকই এটিকে অ্যানিমেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘দ্যফিজেন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রায় তিন হাজার লাইক পড়েছে তাতে। এই বিরল দৃশ্যটি যে প্রকৃতির সৃষ্টি তা জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। বায়ুমণ্ডলে থাকা জলের ফোঁটা বা বরফ কণার উপর সূর্যালোক পড়ে ফলে এই ধরনের রামধনু মেঘ তৈরি হয়। এটি আসলে একটি প্রাকৃতিক ঘটনা। যদিও তাঁরা এও জানিয়েছেন যে এত উজ্জ্বল একটি মেঘ দেখা বর্তমানে বিরল। কোনও কোনও নেটাগরিক এটিকে মহাজাগতিক বলে উল্লেখ করেছেন।