viral video

অভয়ারণ্য ছেড়ে রাস্তায় তীব্র লড়াইয়ে মত্ত জোড়া একশৃঙ্গ! বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকেরা, নেপালের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাণী দু’টি একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। ধাক্কা দিচ্ছে এবং পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে একটি উদ্যানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি গন্ডার। কয়েক মুহূর্ত পরে তার পিছু ধাওয়া করে আরও একটি একশৃঙ্গ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১১:৩৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

রাস্তার মধ্যে দুই ‘মহারথীর’ তাণ্ডব। মাথা নিচু করে একে অপরের দিকে তেড়ে এসে প্রবল সংঘর্ষ। নেপালের চিতওয়ানে সৌরাহমে রাস্তায় নেমে এসে যুদ্ধ বাধিয়ে দিল দু’টি একশৃঙ্গ গন্ডার। গন্ডারের লড়াই বন্যপ্রাণ এলাকায় স্বাভাবিক হলেও জনবসতি এলাকায় তা বিরল। জাতীয় উদ্যানের সীমানার কাছের খোলা জায়গায় বিশাল প্রাণী দু’টির একে অপরের দিকে তেড়ে যাওয়ার একটি দৃশ্য প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাণী দু’টি একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। ধাক্কা দিচ্ছে এবং পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে একটি উদ্যানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি গন্ডার। কয়েক মুহূর্ত পরে তার পিছু ধাওয়া করে আরও একটি একশৃঙ্গ। উদ্যান ছেড়ে তারা সড়কের উপর উঠে আসে। মুখোমুখি হয় দুই যুযুধান। গুঁতিয়ে অপরকে কোণঠাসা করে যুদ্ধ জিততে চায় দু’জনই। গন্ডারের লড়াই দেখে পথচলতি মানুষ থমকে যান। দুই বন্যপ্রাণীর যুদ্ধে ক্ষয়ক্ষতির আশঙ্কা করে দোকানপাট বন্ধ করে দেন। কেউ কেউ অত্যুৎসাহে গন্ডার দু’টির খুব কাছে গিয়ে লড়াইয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সৌরাহা জঙ্গল সাফারির জন্য বিখ্যাত। ঘন ঘন বন্যপ্রাণী দেখার জন্য বিখ্যাত একটি সুপরিচিত পর্যটনকেন্দ্র। চোখের সামনে দু’টি শক্তিশালী গন্ডারের সংঘর্ষ দেখতে প্রত্যক্ষদর্শীরা রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন।

ভিডিয়োটি ‘সচিন্ত্য১০৮’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে তাতে। ভিডিয়োটি ভাইরাল হতেই দর্শকের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞেরা। বন্যপ্রাণীদের আশপাশে ভিড় না করতে বা ছবি ও ভিডিয়ো তোলার জন্য তাদের কাছে যাওয়ার চেষ্টা না করতে অনুরোধ করেছেন। বন দফতরের কর্তৃপক্ষের মতে এই এলাকায় বন্যপ্রাণী দেখা একটি প্রধান আকর্ষণ। তবুও মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখা অপরিহার্য। এই ধরনের সংঘর্ষের সময় প্রাণীদের উত্ত্যক্ত বা বিরক্ত করলে তাদের অপ্রত্যাশিত আচরণের ঝুঁকি বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement