ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সিগন্যালে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িকে গিলে ফেলল হঠাৎ তৈরি হওয়া সিঙ্কহোল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার মতো আধুনিক ঝাঁ-চকচকে শহরের ঘটনা। লালবাতিতে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়ি নিমেষে মাটি ভেদ করে ‘পাতালে’ ঢুকে যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ-মধ্য ওমাহার প্যাসিফিক স্ট্রিটের কাছে একটি ব্যস্ত রাস্তায় ঘটনাটি ঘটেছে। পার্কিং গ্যারেজে থাকা একটি সিসিটিভিতে ঘটনাটি ধরা পড়েছে। তারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। হঠাৎই মাটির ভিতরে ঢুকে যায় কংক্রিটের পোক্ত রাস্তার একাংশ। তৈরি হয় সিঙ্কহোল। মুহূর্তে দু’টি গাড়ি ঢুকে যায় গর্তে। পিছনে আসা যানবাহনগুলি ব্রেক কষে কোনও মতে থমকে যায়। আশপাশের গাড়়ি থেকে নেমে ছুটে আসেন চালক ও যাত্রীরা। উদ্ধারকারী দল এবং পুলিশকর্তারা পৌঁছোনোর আগেই গাড়ির আরোহী ও চালককে দরজা খুলে সিঙ্কহোল থেকে উদ্ধার করা হয়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসনিক কর্মকর্তাদের মতে ভূগর্ভস্থ জলের চাপে রাস্তা ধসে গিয়ে গর্ত তৈরি হয়েছে। ওমাহা পুলিশের আধিকারিক ড্যান মার্টিন পথচারীদের সতর্ক করে জানিয়েছেন, সিঙ্কহোলটি আরও প্রসারিত হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
‘ডেলিলাউড’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। সমাজমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, গাড়ি দু’টির যাত্রীরা ভাগ্যবান। কারণ সিঙ্কহোলটি ততটা গভীর ছিল না। তা না হলে দুর্ঘটনাটি মারাত্মক হতে পারত।