ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ক্রিকেট ম্যাচে আমন্ত্রণ জানানো হয়নি। রাগে ও ক্ষোভে ট্র্যাক্টর চালিয়ে ম্যাচ পণ্ড করে দিলেন এক তরুণ মেতা। ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্র্যাক্টর চালিয়ে সটান মাঠের মধ্যে ঢুকে পড়েন তিনি। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁওয়ের। অদ্ভুত এই ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুরোদমে ম্যাচ চলছে মাঠে। খেলোয়াড় ও আম্পায়াররা সকলেই উপস্থিত। হঠাৎই মাঠে ট্র্যাক্টর চালিয়ে ঢুকে পড়েন এক তরুণ। উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ট্র্যাক্টর দিয়ে জমিতে লাঙল দেওয়ার মতো করে পিচটি খুঁড়ে নষ্ট করে দেন তিনি। ট্র্যাক্টরটি একপাশে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে জনতার বিশাল ভিড় তাঁর দিকে ছুটে যায়। কেউ কেউ তাঁকে থামাতে এগিয়ে আসেন। আবার অনেকেই মোবাইল ফোনে ঘটনাটির ভিডিয়ো করেন। ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সংবাদ প্রতিবেদন অনুসারে, ওই তরুণ, স্থানীয় পুর পরিষদের সভাপতি। ওই নেতাকে ক্রিকেটের টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে তিনি ম্যাচটি নষ্ট করার জন্য এই চরম পদক্ষেপ করেন। মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পিচটি নষ্ট করে দেন তিনি। পিচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ম্যাচটি বন্ধ করে দিতে হয়।
ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ১৫ হাজারের বেশি লাইক পড়েছে তাতে। হাজার হাজার নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খেলব না, খেলতেও দেব না।’’ অন্য এক জন তরুণকে উদ্দেশ করে লিখেছেন, ‘‘ভাইয়ের মধ্যে বেশ একটা ব্যাপার রয়েছে।’’