ছবি: সংগৃহীত।
দরজায় টোকা পড়তেই খুলতে গেলেন তরুণী। পাল্লা সরাতেই যাঁর মুখ দেখলেন তাঁকে দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ায় জোগাড় হল তাঁর। হোটেলের ঘরের দরজায় দাঁড়িয়ে তাঁর মা ও সঙ্গে পুলিশ। লুকিয়ে হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া। খবর পেয়ে হাজির হলেন মা। রাগ সামলাতে না পেরে কষালেন কয়েক ঘা-ও। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের দরজা খুলতেই হোটেলের ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে যায়। মহিলা ঘরে পুলিশ নিয়ে প্রবেশ করে তরুণী ও তাঁর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হতে দেখা যায়। ঘরের ভিতরের দৃশ্যটি মোবাইলে রেকর্ড করা হয়। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিয়োয় চুড়িদার পরা মহিলাকে রাগান্বিত হতে দেখা যায়। হোটেলের ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি তাঁর মেয়েকে বকাঝকা ও চড়-থাপ্পড় মারতে শুরু করেন। ঘরে থাকা তরুণীর প্রেমিক তাঁকে নিরস্ত করার চেষ্টা করতেই তাঁকেও চড় মেরে বসেন মেয়ের মা। কাছাকাছি থাকা মহিলা পুলিশ মেয়ের মাকে শান্ত করার চেষ্টা করেন।
ভিডিয়োটি ‘দেশি_ছোরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। এই ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বহু নেটমাধ্যম ব্যবহারকারী এটিকে নাটকের চিত্রনাট্য বলছেন। আবার অন্যেরা এটিকে একটি সত্য ঘটনা বলে মনে করছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মাকে মিথ্যা বললে এমনই পরিণতি হয়। ’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘কলেজ কেটে উদ্যাপন করতে এসেছিল, আসল খেলা দেখালেন মা।’’