ছবি: সংগৃহীত।
গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যাচ্ছিলেন তরুণ। বিপদের গুরুত্ব বুঝে জীবনের ঝুঁকি নিয়ে তরুণের প্রাণ বাঁচালেন এক তরুণী। আশপাশে থাকা লোক জন ঘটনাটি প্রত্যক্ষ করলেও পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সাহায্যের জন্য প্রথমে কেউ এগিয়ে আসতে পারেননি। সাহসকিতার পরিচয় দিয়ে এক তরুণী স্রোতে ভেসে যাওয়া তরুণকে উদ্ধার করেন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি হরিদ্বারের। ঘটনাটি কবে ঘটেছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। এই হাড়হিম করা ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক খরস্রোতা গঙ্গায় আটকে পড়েছেন। স্রোত এতটাই প্রবল ছিল যে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আশপাশের লোকজন তরুণকে ভেসে যেতে দেখলেও উদ্ধারের কোনও চেষ্টাই দেখাননি। এরই মধ্যে এক তরুণী দ্রুত সি়ঁড়ির ধাপ পেরিয়ে ছুটে যান। রেলিঙের ধারে এসে দেরি না করে তিনি নিজের ওড়নাটি খুলে তরুণের দিকে ছুড়ে দেন। যুবকও বিচক্ষণতার পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে সেটি ধরে ফেলেন। কয়েক সেকেন্ড দেরি হলেই গঙ্গায় তলিয়ে যেতেন তরুণ।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘দীনেশকেজোশী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর এখনও পর্যন্ত ১৩ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে তরুণীর সাহসের অকুণ্ঠ প্রশংসা করেছেন নেটাগরিকেরা। নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ লিখেছেন এমন সাহস সবার থাকে না। মানবতার উজ্জ্বল উদাহরণ বলে অভিহিত করেছেন কেউ কেউ। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন যে, ‘‘যাঁরা বসে বসে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করছিলেন তাঁদের লজ্জা হওয়া উচিত।’’