ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের শুকনো ডালের সাহায্যে চিড়িয়াখানার ঘেরাটোপ থেকে চম্পট দিল বাঁদর। পশু-পাখি দেখতে আসা এক পর্যটক খাঁচার ফাঁক দিয়ে লম্বা সরু ডাল এগিয়ে দেন। আর তাতেই খাঁচাবন্দি জীবন থেকে মুক্তির উপায় খুঁজে নেয় প্রাণীটি। সেই মজার ঘটনাটিরই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি চিড়িয়াখানার লোহার উঁচু রেলিংয়ে ঘেরা বাঁদরের খাঁচার সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে ভেতরে দুটি বাঁদর রয়েছে। খাঁচা ও বাঁদরের থাকার জায়গার মধ্যে খালের মতো কাটা রয়েছে। সে কারণে জল পেরিয়ে খাঁচার উপর আসতে পারে না বাঁদরগুলি। চিড়িয়াখানায় ঘুরতে আসা ওই ব্যক্তি রেলিংয়ের ফাঁক দিয়ে সরু ডাল ঢুকিয়ে দেন। সেটি দেখে বাঁদরটি লাফ দিয়ে লাঠিটি ধরে ফেলে। লাঠিটিকে অবলম্বন করে সেটি উপরে উঠে রেলিং টপকে পিঠটান দেয়। বাঁদরটিকে খাঁচার উপর চড়ে বসতে দেখে জড়ো হওয়া দর্শক ভয়ে খাঁচার সামনে থেকে সরে যান। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের হিন্দুইজ়ম_এসসি নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষ দেখেছেন। বাঁদরের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন নেটাগরিকেরা। যে লাঠিটি দর্শক বাঁদরের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সেটিকে ‘স্বাধীনতার লাঠি’ বলে উল্লেখ করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।