ছবি: সংগৃহীত।
নেটমাধ্যম ছেড়ে এ বার সরাসরি আন্দোলনে নেমে পড়ছেন ‘আরশোলা’রা। ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির সমর্থকেরা বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে জড়ো হচ্ছেন রাস্তায় নেমেই। দিল্লির পর এ বার উত্তরপ্রদেশের মথুরায়। যমুনা নদীর দূষণের প্রতিবাদে আরশোলার বেশে হাজির হলেন পুরসভায়। সংবাদ প্রতিবেদন অনুসারে মথুরার বৃন্দাবনের সমাজকর্মী দীপক শর্মার দাবি যমুনার অবস্থা ক্রমাবনতি ঘটছে। কিন্তু দায়িত্বে থাকা ব্যক্তিরা কেবল কথার কথা বলছেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আরশোলার বেশধারী দীপককে দেখার জন্য ভিড় জমে যায় সেখানে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
গত কয়েক দিন ধরে ‘আরশোলা জনতা পার্টি’ বা সিজেপি নিয়ে উত্তাল নেটপাড়া। ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) একটি বিবৃতির পর সমাজমাধ্যমে নানা রাজনৈতিক মিম এবং মজার পোস্টে ভরে গিয়েছিল। এমন পরিস্থিতিতে মথুরার এই ভিডিয়োটিও নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো পোশাক পরে পিঠে আরশোলার মতো ডানা ও মাথায় শুঁড় আটকে অদ্ভুত কায়দায় নাচ দেখাচ্ছেন দীপক। হামাগুড়ি দিয়ে সিঁড়িতে উঠতে থাকেন তিনি। কখনও বা ক্যামেরার সামনে এসে নানা মুখভঙ্গি করতে দেখা যায় তাঁকে। ভিডিয়োটি ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের এক সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ভিডিয়োটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ তা দেখেছেন। বহু নেটাগরিকই ভিডিয়োয় লাইক ও কমেন্ট করেছেন।
দীপকের দাবি, সমাজকর্মীরা যখন সমাজের উদ্বেগজনক বিষয়গুলি প্রশাসনের নজরে আনেন, তখন প্রায়শই তাঁদের উপহাস জোটে। তাঁদের মতো মানুষজনকে আরশোলা বলে দেগে দেওয়া হয়। তাই তিনি বিদ্রুপকে প্রতিবাদের একটি রূপ দিয়েছেন। দীপকের দাবি, বৃন্দাবনে নোংরা নর্দমার জল ক্রমাগত যমুনা নদীতে গিয়ে পড়ছে এবং তা দূষিত করছে। তিনি অভিযোগ করেন যে, কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নজরদারি সত্ত্বেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তাই, তিনি একটি অভিনব উপায়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।