ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অবিরাম মুষলধারে বৃষ্টি এবং তীব্র বজ্রপাত-সহ ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত শহর। একাধিক অঞ্চল জুড়ে ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতি। প্রবল বর্ষণে রাস্তাঘাট জল থইথই। এই অবস্থায় বাস থেকে নামার সময় জমা জলে পড়ে গেলেন এক তরুণী। সেই জলের স্রোত এতই প্রবল ছিল যে রাস্তায় পড়ে মুহূর্তের মধ্যে ভেসে গেলেন তিনি। এই দৃশ্য ভারতের কোনও শহরের নয়। প্রথম বিশ্বের একটি শহরের বেহাল দশার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বাস থেকে নামতে গিয়ে মহিলার পড়ে যাওয়ার দৃশ্যটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী গণ পরিবহণ থেকে নামার সময় প্রচণ্ড স্রোতে ভেসে যাচ্ছেন। ১৫ সেকেন্ডের ফুটেজটিতে দেখা যায়, গোলাপি টপ পরা সেই তরুণী বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছেন। জল জমার কারণে রাস্তার ধারে বাস থামাতে না পেরে চালক মাঝরাস্তায় বাসটি থামান। ফলে তরুণী ও অন্যান্য যাত্রী ফুটপাতে পৌঁছোনোর জন্য সরাসরি বিপজ্জনক স্রোতে ঝাঁপ দিতে বাধ্য হন। ফুটপাতের দূরত্ব ঠিকমতো আন্দাজ করতে না পারায় তরুণী রাস্তার ধারের কিনারায় ধাক্কা খান এবং জলে পড়তেই স্রোতের টানে ভেসে যান। উপস্থিত বাকি যাত্রীরা চেষ্টা করেও তাঁকে আটকাতে পারেননি।
এক্স হ্যান্ডলে ‘রেনড্রপসমিডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৮৮ হাজার লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিকই তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিকের প্রতিক্রিয়া, ‘‘বাড়ি ফেরার পথে সরাসরি টাইটানিকের অভিজ্ঞতা লাভের জন্য নিউ ইয়র্ক মানুষের কাছ থেকে ৫ হাজার ডলার ভাড়া নেয়।’’