viral video

কপালে টিপ, জমকালো পোশাক, ‘ধুরন্ধর’-এর গানের তালে অলিম্পিক্সে ঝড় তুললেন রুশ তরুণী! প্রকাশ্যে ভিডিয়ো

পরনে টকটকে লাল ও সোনালি রঙের জমকালো খাটো পোশাক। কপালে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে লাল টিপ। বলিউডের গানের সঙ্গে সুন্দরী রুশ তরুণীর পারফরম্যান্স ঝড় তুলেছে ইন্টারনেটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০
Share:

ছবি: ফেসবুক থেকে নেওয়া।

আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চেও জায়গা করে নিল বলিউডের গান। ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক্সে রুশ ও জর্জিয়ার স্কেটার আনাস্তাসিয়া গুবানোভার সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাজানো হল ‘ধুরন্ধর’-এর শীর্ষসঙ্গীত। সঙ্গে হিন্দি ও পঞ্জাবি গানও। মিলান এবং কর্টিনা ডি’আম্পেজোতে আয়োজিত এই অনুষ্ঠানের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, আনাস্তাসিয়া গুবানোভা ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গানটির তালে তালে স্কেটিং করছেন। পরনে টকটকে লাল ও সোনালি রঙের জমকালো খাটো পোশাক। কপালে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে লাল টিপ। সুন্দরী রুশ তরুণীর সৌন্দর্যও নজর কেড়েছে ভিডিয়োয়। ভিডিয়োর শুরুতে তিনি শাহরুখ খান ও করিনা কপূর অভিনীত ‘অশোকা’ সিনেমার বিখ্যাত গানের সঙ্গে স্কেটিংয়ের ছন্দ ফুটিয়ে তুলেছেন। ধীরে ধীরে যত তাঁর গতি তীব্র হচ্ছিল ততই তাঁর নাচের ছন্দ আরও জটিল এবং অভিব্যক্তিপূর্ণ হয়ে উঠছিল। বরফে ঢাকা স্কেটিং রিঙ্কে সাবলীল ভাবে অঙ্গ সঞ্চালনায় নাচ ও জিমন্যাস্টিকের নানা মুদ্রা ফুটিয়ে তুলছিলেন আনাস্তাসিয়া। ভিডিয়োয় অন্তিম পর্বে ‘ধুরন্ধর’-এর গানের ছন্দের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ‘স্পিন’ এবং জটিল কোরিয়োগ্রাফের ঝলক দেখান স্কেটিংয়ের প্রতিযোগী।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘দ্যজাগারনট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর নেটাগরিকেরা তরুণীর স্কেটিংয়ের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। বহু দর্শক ভিডিয়োটি দেখে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদ প্রতিবেদন অনুসারে, এর আগে ২০২৫ সালে আনাস্তাসিয়া বলিউডি এবং ভারতীয় গানের তালে স্কেটিং করেছিলেন। চিনের বেজিংয়ের ট্র্যাকে নামার সময়ও তিনি একই ধরনের পোশাক এবং টিপ পরেছিলেন। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement