ছবি: সংগৃহীত।
মেট্রোস্টেশনে বান্ধবীর সঙ্গে বসে গল্পে মেতেছে ছেলে। চোখে পড়তেই যুগলের সামনে উদয় হন মা। প্রেমিকার সঙ্গে ধরা পড়তেই অস্বস্তিতে পড়ে যান তরুণ। এর পর তরুণের মা যা করলেন তাতে চমকে উঠলেন তরুণ ও তাঁর প্রেমিকা। সেই অপ্রত্যাশিত ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা মেট্রোস্টেশনে তাঁর ছেলেকে প্রেমিকার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। ছেলেকে তাঁর বান্ধবীর সঙ্গে দেখতে পেয়ে অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তক্ষুনি। ভিডিয়োয় ধরা পড়েছে, ছেলে ও তাঁর প্রেমিকার বাগ্দান মহিলা সম্পন্ন করে দেন স্টেশনেই। বাগ্দানের আচার সম্পূর্ণ করে ফেলেন দাঁড়িয়ে দাঁড়িয়েই। ছেলের বান্ধবীর হাতে ফলের ঝুড়ি তুলে দেন। মিষ্টি খাইয়ে আশীর্বাদও করেন মহিলা। মায়ের এ-হেন আচরণে ছেলে আপত্তি তুলে তাঁকে বার বার থামার জন্য অনুরোধ করতে থাকেন। ছেলের ওজর-আপত্তি কানে তোলেননি মা। তাঁকে বলতে শোনা যায়, তাঁদেরও সম্মান নষ্ট হচ্ছে। পরিবারের মান-সম্মানের কী হবে? এর পর তিনি দম্পতিকে সুখী হওয়ার আশীর্বাদ করেন। তরুণ-তরুণীও পা ছুঁয়ে মহিলা এবং পাশে থাকা এক ব্যক্তিকে প্রণাম করেন।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘আইঅ্যামঅন্নপূর্ণা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করতেই নেটাগরিকদের নজর কেড়েছে সেটি। এই ঘটনাটি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা হতবাক হয়ে গেছেন। অনেকেই দাবি করেছেন, এটি পূর্বপরিকল্পিত। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি নিশ্চিত এটি স্ক্রিপ্টেড... এটি বাস্তব হতে পারে না!’’ অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘মেয়েটির বাবা-মায়ের কী হবে? কেউ কি তাঁদের জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন? তাঁরা যদি এই ছেলেটির সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে দিতে না চান তাহলে কী হবে?’’