ছবি: এক্স থেকে নেওয়া।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি। অবৈধ বাড়ি ভাঙতে গিয়ে খনন যন্ত্রের উপর পড়ে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বহুতলটি যন্ত্রের উপর আছড়ে পড়ায় গুরুতর আহত হন চালক। দুর্ঘটনার ফলে তিনি ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েন এবং গুরুতর আহত হন। ঘটনাটি উত্তরপ্রদেশের বান্দা জেলার। সেই মর্মান্তিক ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার উত্তরপ্রদেশের বান্দা জেলার বাবেরু এলাকায় তিনদোয়ারী রোডের রাস্তা চওড়া করার অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অবৈধ ভাবে দখল নেওয়া বাড়ি ও দোকান উচ্ছেদের সময় এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদ প্রতিবেদন অনুসারে উচ্ছেদ অভিযানের জন্য সরকারি আধিকারিকেরা বড় বড় জেসিবি নিয়ে হাজির হন। উচ্ছেদ পর্ব শুরু হতেই ব্যবসায়ী ও দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা নিজেরাই জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। দক্ষযজ্ঞ বেধে যায় এলাকায়। ঘটনাস্থলে প্রচুর দর্শক ভিড় জমান। এক ব্যবসায়ীর বাড়ি ভাঙার সময় সেটি হঠাৎ করে সামনের দিকে হেলে যায় এবং পোক্লেইন মেশিনের উপর পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ‘ডেডলি কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে যন্ত্রচালকের নাম দিলীপ। সরাই ভারতী এলাকার বাসিন্দা। শীঘ্রই তাঁকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চোট গুরুতর হলেও অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। সরকারি দাবি অনুযায়ী, কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা বা প্রাণহানি এড়াতে অভিযানের আগে প্রশাসনিক কর্তারা বাড়িটি খালি করে দিয়েছিলেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা প্রশাসনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সরব হয়েছেন।