ছবি: সংগৃহীত।
ঠিক যেন সুন্দর সাজানো-গোছানো রেস্তরাঁ। টেবিলে খাবার ও পানীয় সুদৃশ্য ভাবে সাজানো। সাজসজ্জা দেখে মস্ত বড় ভুল করে ফেললেন বিদেশ থেকে আগত পর্যটকেরা। ঘুরতে ঘুরতে খাবারের সন্ধানে এসে অন্ত্যেষ্টিক্রিয়ার ভোজে ঢুকে পড়লেন তাঁরা। অপ্রত্যাশিত এই ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। একই সপ্তাহে দু’বার করে এই ঘটনা ঘটে সেখানে। ওই জায়গাটিকে খোলা রেস্তরাঁ বা ফুড কোর্ট ভেবে ভুল করে বসেন পর্যটকেরা।
চ্যারান্টর্ন থাইরথ নামের স্থানীয় এক তরুণ সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি ইউটিউবে সেই ঘটনার ভিডিয়োটি প্রকাশ করেন। পরে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চারানটর্ন জানান, তিনি তাঁর বন্ধুকে সহায়তা করতে অন্ত্যেষ্টিক্রিয়ার সেই অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন। অতিথিদের জন্য ব্যবস্থাপনা করতে গিয়ে তিনি দেখেন, কয়েক জন বিভ্রান্ত পর্যটক সেখানে উপস্থিত হয়েছেন। তাঁরা কাছের একটি বাজারে ঘুরতে ঘুরতে পাশে একটি তাঁবুতে টেবিল এবং চেয়ার সাজানো দেখে সেটিকে রেস্তরাঁ ভেবে ভুলবশত ঢুকে পড়েন। তাইল্যান্ডের পুরনো রীতি অনুযায়ী কেউ মারা গেলে শোকাহত এবং দর্শনার্থীদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং মৃতদের সম্মান প্রদর্শনের জন্য খাবার, পানীয়ের আয়োজন করা হয়।
পরে যখন পর্যটকেরা বুঝতে পারেন যে এই সমাবেশটি কোনও খাবারের জায়গা বা আড্ডার জায়গা নয়, তখন হতবাক হয়ে যান। ভুল বোঝার জন্য ক্ষমা চান তাঁরা। বিব্রত বোধ করেন এবং পরিবারের কাছে বার বার দুঃখপ্রকাশ করেন। শোকের মাঝেও তাই পরিবার বিদেশি অতিথিদের জন্য খাদ্য-পানীয়ের ব্যবস্থা করেছিলেন বলে জানা গিয়েছে।