Viral Video

‘জিপিএসের নির্দেশমতো চলেছি’! রেললাইন দিয়ে গাড়ি চালিয়ে অদ্ভুত যুক্তি বৃদ্ধার, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি রেললাইনের ট্র্যাকের উপর দিয়ে এগিয়ে আসছে একটি লাল রঙের এসইউভি। গাড়ির চালকের আসনে থাকা বৃদ্ধা জানান, তিনি জিপিএসের নির্দেশ মানছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৮:৪১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অচেনা গন্তব্যে যাওয়ার সময় আজকাল প্রায় সকলেই জিপিএসের শরণাপন্ন হন। রাস্তা চেনাতে এবং সঠিক পথ বাতলে দিতে এটি খুবই কাজে আসে। কিন্তু সম্প্রতি জিপিএস এমন একটি কাণ্ড ঘটিয়েছে, যা দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

Advertisement

ইনস্টাগ্রামের ‘আপ্লাস্টিকপ্ল্যান্ট’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি রেললাইনের উপর দিয়ে চলছে একটি লাল রঙের এসইউভি। ব্যাপার দেখে এক পুলিশকর্মী গাড়িটির কাছে যান। গাড়ি থেকে এক বৃদ্ধাকে বেরিয়ে আসতে দেখা যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ঘটনাটি সিয়াটলের মাউন্ট বেকার স্টেশনের। একটি এসইউভি কোনও একটি রেললাইনে উঠে যায়, যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে গাড়ি চালিয়ে অনেকটা পথ যাওয়ার পর যখন সেটি আটকে পড়ে, তখন ওই গাড়ির চালক উপস্থিত লোকজনকে বলেন যে তিনি জিপিএসের নির্দেশ অনুসরণ করছিলেন।

Advertisement

অবশেষে গাড়িটিকে রেললাইন থেকে তুলে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রেল পরিকাঠামোর কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করে নিয়ে আবার ওই লাইনে ট্রেন চলা শুরু করে। পুলিশ জানিয়েছে যে বৃদ্ধা নেশাগ্রস্ত ছিলেন বলে মনে হয়নি। তবে তাঁকে বিভ্রান্ত দেখাচ্ছিল এবং প্রশ্নের উত্তর দিতে তিনি অনেক সময় নিচ্ছিলেন। জরুরি সেবাকর্মীরা তাঁকে পরীক্ষা করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হয়তো বয়সজনিত কারণেই তাঁর এমন ভুল হয়ে গিয়েছে।

ভিডিয়োটি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে শেয়ারও করেছেন। প্রায় দেড় হাজার নেটাগরিকের মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। অনেকেই বৃদ্ধার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়েছেন। এক জন আবার মজার ছলে লিখেছেন, জিপিএসে যে ‘পরের ট্র্যাকটি ধরুন’ নির্দেশ আসে, সেটির আক্ষরিক প্রয়োগ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement