Viral Video

বিদেশসফরের খুশিতে স্থানকাল ভুলে বিমানবন্দরেই ‘গরবা’ নাচ! উচ্ছ্বাসের ভিডিয়ো দেখে নিন্দায় মুখর নেটপাড়া

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিমানবন্দরের যেখানে বিমান দাঁড়িয়ে রয়েছে, তার পাশে কংক্রিটের চত্বরে গোল হয়ে ‘গরবা’ নাচছেন একদল গুজরাতি। ঘটনাটি ভিয়েতনামের একটি বিমানবন্দরে ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:৫০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বেড়াতে যাওয়া মানেই আনন্দ। আর তা যদি হয় বিদেশে, তবে তো কথাই নেই। আনন্দ আরও অনেক গুণ বেড়ে যায়। কেউ একলা বেড়াতে ভালবাসেন, কেউ দল বেঁধে। তবে দল বেঁধে ঘুরলে সকলে মিলে অনেক রকম মজার মজার কাণ্ড ঘটানো যায়। তবে সে সব করা আদৌ ঠিক কি না, সে কথা অনেক সময়ই মাথায় থাকে না। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স-এর (সাবেক টুইটার) ‘ব্রুটাল ট্রুথ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বিমানবন্দরের যেখানে বিমান দাঁড়িয়ে রয়েছে, তার পাশে কংক্রিটের চত্বরে গোল হয়ে ‘গরবা’ নাচছেন একদল ভারতীয়। আশপাশে থাকা অন্য যাত্রীরা কেউ কেউ তাঁদের দিকে তাকিয়েছিলেন, কেউ আবার নিজের মতো হেঁটে যাচ্ছিলেন।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে তাঁরা গুজরাতি। ঘটনাটি ভিয়েতনামের একটি বিমানবন্দরে ঘটেছে বলে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট কোন বিমানবন্দরের তা জানা যায়নি। ভিয়েতজেট এয়ারের একটি বিমানকে দাঁড় করানো ছিল সেখানে, এমনটাই দেখা গেছে ভিডিয়োটিতে। ভিডিয়োটির ক্যাপশনে এ-ও লেখা হয়েছে যে বিদেশের মাটিতে এমন অদ্ভুত কাণ্ডকারখানা ঘটানোর জন্যই বর্ণবাদের স্বীকার হতে হয় ভারতীয়দের।

Advertisement

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটপাড়ায়। অনেকেই বিষয়টির নিন্দা করেছেন। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আমি এটা চিরকাল ধরেই বলে আসছি, ভিসা দেওয়ার আগে ভারতীয়দের সাংস্কৃতিক বোধের একটি মূল্যায়ন করা প্রয়োজন।” আবার অনেকের মতে এতে দোষ ধরার মতো কিছুই নেই। কোনও মানুষ কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করবেন, তার বিচার করা ঠিক নয়। তাঁরা তো কারও কোনও ক্ষতি করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement