ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে ঝগড়াঝাঁটি তো লেগেই থাকে। এক এক সময় তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। কেবল চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার জের দেখা যায় প্রকাশ্যে কোনও স্থানেই। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স-এর (সাবেক টুইটার) ‘ফ্রি প্রেস মধ্য প্রদেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণের হাত চেপে ধরে তাঁকে চড় মারছেন এক তরুণী। ওই তরুণ নিজের সমর্থনে কিছু বলতে চেষ্টা করেন, কেঁদেও ফেলেন। তাতেও তরুণীর রাগ কমে না। তাঁদের পাশে একটি ছোট বাচ্চাকেও দেখা যায়। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা যায়, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
ঘটনাটি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার একটি ব্যস্ত রাস্তায় ঘটেছে। এই গন্ডগোল দেখে আশপাশে ভিড় জমে যায়। কেউ কেউ ওই তরুণীকে থামাতেও চেষ্টা করেন। কেউ কেউ আবার ঘটনাটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন। তবে, কী বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে আগরা থেকে ছতরপুর এসেছিলেন ওই দম্পতি। ভিডিয়োয় যে বাচ্চাটিকে দেখা গিয়েছে সে তাঁদেরই সন্তান। স্বামীর নাম দেব চৌরাসিয়া এবং স্ত্রীর নাম সুমন চৌরাসিয়া। পরে ট্রাফিক পুলিশ হস্তক্ষেপ করে বিষয়টি মেটায়। তবে, এখনও পর্যন্ত ওই তরুণীর বিরুদ্ধে কোনও পুলিশি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়নি। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।