NEET-UG Paper Leak

ইউপিএসসির থেকে শিক্ষা নেওয়া উচিত! নিটের প্রশ্নফাঁসে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনটিএ! কী জানাল কেন্দ্র

দেশ জুড়ে চিকিৎসা বিদ্যার পাঠ্যক্রমে ভর্তি হওয়ার পরীক্ষা নেয় এনটিএ। তবে ২০২৪ সালে এই নিটেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে, যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। দ্রুত সেই সংস্থাকে নানা বদল করতে বলা হয়। তবে দু’বছর যেতে না যেতেই আবার বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ২২:৪৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পর্যবেক্ষণ ব্যবস্থা এবং তদারকি কমিটি থাকা সত্ত্বেও কী ভাবে এই ধরনের ‘ভুল’ হল, প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে পরামর্শ, ইউপিএসসির মতো পরীক্ষায় কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত এনটিএর।

Advertisement

দেশ জুড়ে চিকিৎসা বিদ্যার পাঠ্যক্রমে ভর্তি হওয়ার পরীক্ষা নেয় এনটিএ। তবে ২০২৪ সালে এই নিটেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে, যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। দ্রুত সেই সংস্থাকে নানা বদল করতে বলা হয়। তবে দু’বছর যেতে না যেতেই আবার বিপত্তি। আবার নিট-ইউজিতে প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটল। তদন্তে এনটিএর ভূমিকাও আতশকাচের নীচে চলে আসে। শুক্রবার সেই সংক্রান্ত মামলায় একই বিষয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও।

শুক্রবারের শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণের নেতৃত্বে গঠিত এক উচ্চপর্যায়ের কমিটির কথা উল্লেখ করেন। বিচারপতি পিএস নরসিংহ জানতে চান, কমিটির সুপারিশগুলি পর নিটে কী পরিমাণ নজরদারি চালানো হয়েছিল? প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অতীতে কমিটি যে সুপারিশ করেছিল, তা বাস্তবে কতটা কার্যকর করা হয়েছিল? আদালতের উদ্বেগে রাধাকৃষ্ণণ জানান, পরীক্ষার নিরাপত্তা জোরদার করতে কমিটি মোট ১০১টি সুপারিশ জমা করেছে। সেগুলির মধ্যে ৬০টি ছিল স্বল্পমেয়াদি সুপারিশ, যা মূলত ২০২৫-২৬ সালের পরীক্ষায় প্রয়োগ করা হয়েছিল।

Advertisement

আদালতে প্রশ্ন, এত নজরদারির পর কী ভাবে প্রশ্নফাঁস হল? তার জবাবে রাধাকৃষ্ণণ জানান, প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়া থেকেই সমস্যার সূত্রপাত। তিনি আদালতে বলেন, ‘‘সমস্যাটা ছিল প্রশ্নপত্র তৈরি নিয়ে। তবে এখন প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হচ্ছে। সুরক্ষিত পরীক্ষা বাস্তবায়ন কাঠামো ইতিমধ্যেই চালু হয়েছে।’’ রাধাকৃষ্ণণ সুপ্রিম কোর্টের বেঞ্চকে আশ্বস্ত করেছেন, যে সমস্যার কারণে প্রশ্নপত্র ফাঁসের মতো বিপত্তি ঘটেছে, তা চিহ্নিত করা সম্ভব হয়েছে। আসন্ন পরীক্ষায় আর সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এনটিএ সংস্কারের কথা বার বার বলেছে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, সুপারিশ বাস্তবায়িত না-হলে শুধুমাত্র সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।

আদালত এই ঘটনায় জবাব চেয়েছে। হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে। তবে সুপ্রিম কোর্ট এ-ও স্পষ্ট করেছে, জবাবদিহিতার অর্থ এই নয় যে কারও উপর দোষ দেওয়া। বরং এই অঘটনের দায় কার উপর বর্তায়, সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আসল উদ্দেশ্য হওয়া উচিত।

আদালতে সলিসিটর জেনারেল জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, ‘’২১ জুন আবার পরীক্ষা নেওয়ার আগে অনেক নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ নির্বাহী পর্যায় থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সলিসিটর মেহতা আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত ভাবে বিষয়টি তদারকি করছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, যে নতুন পদ্ধতিগুলি কথা বলা হচ্ছে, তার প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। আদালত জোর দিয়েছে, যখনই কোনও সঙ্কট দেখা দেখা দেয়, প্রতিষ্ঠানগুলিকে স্বল্পমেয়াদী ব্যবস্থার উপর নির্ভর না-করে একটি স্থায়ী কাঠামো তৈরি করতে হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একটি বিস্তারিত হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement