নদীতে দুধ ঢালার দৃশ্য। ছবি: এক্স থেকে নেওয়া।
পবিত্র নিবেদন হিসাবে নর্মদা নদীতে ঢালা হল ১১ হাজার লিটার দুধ। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্কের ঢেউ সমাজমাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লিটার লিটার দুধ ঢালা হচ্ছে নর্মদা নদীতে। সামনে দাঁড়িয়ে পুজো করছেন এক সাধু। শত শত ভক্ত তা দেখছেন ভিড় করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, প্রায় ১১ হাজার লিটার দুধ ঢালা হয়েছে ওই নদীতে।
নর্মদায় হাজার হাজার লিটার দুধ ঢেলে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ভারতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পরিবেশগত দায়িত্ব এবং খাদ্য বৈষম্য নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। জানা গিয়েছে, ভক্তেরা আধ্যাত্মিক নিবেদনের অংশ হিসাবে নদীতে প্রায় ১১,০০০ লিটার দুধ ঢেলেছেন।
সংশ্লিষ্ট মহলের দাবি, পবিত্র নদীকে সম্মান জানাতে এবং প্রতীকী ভাবে জলজ প্রাণীদের খাওয়ানোর জন্য ওই দুধ নিবেদন করা হয়েছিল। ভক্তদের বিশ্বাস, এই আচার আশীর্বাদ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা আনবে জীবনে। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সচিন গুপ্ত নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই সমালোচনাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে বিষয়টি ধর্মীয় ব্রত পালনের জন্য পবিত্র রীতি হিসাবে বর্ণনা করলেও সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, যে দেশে যেখানে পুষ্টির ভারসাম্য এখনও অসম, সেখানে অত দুধ অপচয় কতটা যুক্তিযুক্ত। কেউ কেউ আবার বিষয়টিকে পরিবেশের ক্ষতি বলে দাবি তুলেছেন। বিশেষজ্ঞেরাও সতর্ক করেছেন, মিষ্টি জলের বাস্তুতন্ত্রে বিপুল দুধ ঢালা হলে তা ওই বাস্তুতন্ত্রের উপর গুরুতর চাপ সৃষ্টি করতে পারে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এখনও গরিব অনেক বাচ্চাকে ভেজাল দুধ খেতে হয়। আর এখানে এত দুধ নষ্ট করা হচ্ছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দুধ ঢাললে নদীর অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। হঠাৎ পুষ্টির আধিক্য মাছের মৃত্যু, শৈবালের বৃদ্ধি এবং নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্যের ব্যাঘাত ঘটাতে পারে।’’ তৃতীয় এক জন আবার যুক্তি দিয়েছেন, ‘‘অনেক কিছুই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নষ্ট হয়। ধর্মীয় আচার পালনের জন্য নদীতে দুধ নিবেদন করাও হয়, তা হলে এত প্রশ্ন তোলা উচিত নয়।’’