Viral Video

কিশোরকে অসুস্থ সাজিয়ে ভিক্ষার ছক তরুণীর, পোড়া মুখের ‘মুখোশ’ খুললেন তরুণ! ভাইরাল ভিডিয়োয় শোরগোল

তরুণের কাছে ভিক্ষে চাইতেই তিনি কিশোরের মুখে কী হয়েছে তা দেখার জন্য এগিয়ে গেলেন। তখনই চিত্রপট বদলে গেল। একটু আগে পর্যন্ত যে বেহুঁশের মতো রাস্তায় শুয়ে ছিল, সেই কিশোর তখন এক লাফে উঠে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে বসে ভিক্ষা করছেন এক তরুণী। সামনে শুইয়ে রেখেছেন এক কিশোরকে। কিশোরটির মুখে বাঁধা গজ কাপড়। তার মুখ দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে। তরুণীর সামনে গিয়ে দাঁড়ালেন এক তরুণ। তরুণের কাছে ভিক্ষা চাইতেই তিনি কিশোরের মুখে কী হয়েছে তা দেখার জন্য এগিয়ে গেলেন। তখনই চিত্রপট বদলে গেল। একটু আগে পর্যন্ত যে বেহুঁশের মতো রাস্তায় শুয়ে ছিল, সেই কিশোর তখন এক লাফে উঠে গেল। তরুণ কিশোরের মুখ রুমাল দিয়ে মোছাতেই উঠে গেল ‘পোড়া মুখের ফেসপ্যাক’। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে বসে এক তরুণী কাতর কণ্ঠে সকলের কাছে ভিক্ষা চাইছেন। সামনে শুইয়ে রেখেছেন এক ‘অসুস্থ’ কিশোরকে। শায়িত কিশোরকে দেখে মনে হচ্ছে তাঁর মুখে কোনও গভীর ক্ষত হয়েছে। খুব সম্ভবত পুড়ে গিয়েছে। কিশোরের মাথায়-মুখে জড়ানো সাদা গজ কাপড়। কিশোরের চিকিৎসা করাতে হবে এই বলেই তরুণী সকলের সাহায্য চাইছেন। হৃদয়বিদারক এই মুহূর্ত পুরোপুরি বদলে গেল যখন এক তরুণ গিয়ে সেই ভিখারিনির সামনে দাঁড়ালেন। তরুণের কাছে ভিক্ষা চাইতেই তিনি কিশোরের মুখে ঠিক কী হয়েছে তা পরখ করে দেখার দাবি রাখলেন। সেটা শুনেই ‘বেহুঁশ’ কিশোরের দেহে যেন সব শক্তি ফিরে এল। সে চট করে উঠে মুখটা তরুণীর পরনে থাকা জামা দিয়ে আড়াল করার চেষ্টা করল। কিন্তু তরুণও নাছোড়বান্দা। তিনিও কিশোরের মুখ দেখেই ছাড়বেন বলে পণ করলেন। পরিস্থিতি বেগতিক বুঝে তরুণী তাঁর ‘অসুস্থ ছেলে’কে ফেলে উঠে গেলেন। তারস্বরে কান্না জুড়ল কিশোর। সে সবে পাত্তা না দিয়ে তরুণী হাঁটা দিলেন। তরুণ তৎক্ষণাৎ কিশোরকে টেনে নিয়ে তার মুখ রুমাল দিয়ে ডলে দিলেন। সঙ্গে সঙ্গে ‘পোড়া’ মেকআপ মুছে গিয়ে বেরিয়ে এল স্বাভাবিক চামড়া। কিশোরের কান্নার বেগও বেড়ে গেল। তরুণী ফিরে এসে তাকে নিয়ে চলে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ডিআরআবাদঅফিসিয়াল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে এক লক্ষের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছেন। নানা ধরনের মন্তব্যে উপচে পড়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “তরুণীর মেকআপ দক্ষতা প্রশংসনীয়।” অন্য এক নেটাগরিক মন্তব্য করেছেন, “বাচ্চা নিয়ে ভিক্ষা করা বন্ধ করে দেওয়া উচিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement