Viral Video

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে সজোরে ধাক্কা! মেজাজ না হারিয়ে স্কুটারচালককে সাহায্য করলেন গাড়িচালকই, ভিডিয়ো ভাইরাল

একটি স্কুটার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ি থেকে চালক নেমে স্কুটারচালকের দিকে এগিয়ে যান। সচরাচর এই ধরনের ঘটনা ঘটলে গাড়ির চালক অশান্তি জুড়তেন। কিন্তু এ ক্ষেত্রে তা ঘটল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রাফিক সিগনালের হাত থেকে কিছুটা সময় বাঁচানোর জন্য রাস্তা ছেড়ে স্কুটার নিয়ে ফুটপাথে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। দ্রুত গতিতে ফুটপাথ দিয়ে স্কুটার ছোটাচ্ছিলেন তিনি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তায় ছিটকে পড়ে যাচ্ছিলেন স্কুটারচালক। রাস্তার ধারে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় সেই গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে তরুণের স্কুটার। গাড়ির কী ক্ষতি হয়েছে তা না দেখে গাড়ির চালক স্কুটারচালককেই সাহায্য করতে নামেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি স্কুটার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ি থেকে চালক নেমে স্কুটারচালকের দিকে এগিয়ে যান। সচরাচর এই ধরনের ঘটনা ঘটলে গাড়ির চালক সেই স্কুটারচালকের উপর মেজাজ দেখাতেন। গাড়ির ক্ষতি হয়ে গিয়েছে বলে মাঝরাস্তায় চিৎকার-চেঁচামেচিও করতেন। কিন্তু গাড়ির চালকের আচরণে তার কোনও কিছুই ফুটে উঠল না।

গাড়ি থেকে নামার পর তিনি স্কুটারচালকের দিকে তাড়াহুড়ো করে এগিয়ে গেলেন ঠিকই, কিন্তু কোনও অশান্তি করলেন না। বরং স্কুটারটি সরিয়ে স্কুটারচালককে সাহায্য করতে হাত বাড়িয়ে দেন গাড়ির চালক। এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এক প্রত্যক্ষদর্শী। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে গাড়ির চালককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুতে ঘটেছে। গাড়ির চালক যে এত শান্ত ভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং স্কুটারচালককে সাহায্য করেছেন তা দেখে বাহবা দিয়েছেন অনেকে। অন্য দিকে, স্কুটারচালকের বেপরোয়া আচরণ দেখে সমালোচনাও করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ফুটপাথ গাড়ি চালানোর জায়গা নয়। ট্রাফিক নিয়ম ভঙ্গ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন স্কুটারচালক। গাড়ির চালকের আচরণ ভাল বলে তাঁকে কিছু বলেননি। কিন্তু স্কুটারচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা প্রয়োজন ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement