Viral Video

বিড়ালছানাদের দায়িত্ব কার? পোষ্যের চার সন্তানের পিতৃপরিচয় জানতে পেরে পড়শির সঙ্গে ধুন্ধুমার! থামাতে এল পুলিশ

মহিলা প্রতিবেশী পরে জানতে পারেন যে, সেই বিড়ালছানাগুলির বাবা আসলে প্রতিবেশীর পোষ্য হুলো। তা জানতে পেরে বিড়ালছানাগুলিকে নিয়ে পড়শির বাড়িতে হাজির হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৯:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুই প্রতিবেশীই বিড়াল পোষেন। কিন্তু আড়ালে-আবডালে যে দু’টি বিড়াল প্রেম করছে, তা টেরই পাননি কেউ। স্ত্রী বিড়ালটি অন্তঃসত্ত্বা হলে টনক নড়ে প্রতিবেশীর। পোষ্য চারটি বিড়ালছানার জন্ম দিলে বোঝা যায় যে, তাদের বাবা প্রতিবেশীর পোষা হুলো। তার পরেই পাড়ায় শুরু হয় ‘গৃহযুদ্ধ’। বিড়ালছানাগুলির দায়িত্ব কে নেবেন তা নিয়ে ঝগড়া শুরু হয় দুই প্রতিবেশীর। অশান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, বাধ্য হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মেঘআপডেট্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চারটি বিড়ালছানা নিয়ে প্রতিবেশীর কাছে কন্যাকে নিয়ে হাজির হয়েছেন এক মহিলা। তাঁর দাবি, তিনি যে মেনি (স্ত্রী বিড়াল) পোষেন, সে এই চার বিড়ালছানার জন্ম দিয়েছে। সেই বিড়ালছানাগুলিকে নাকি প্রতিবেশীর বাড়িতে রাখা উচিত। অন্য দিকে, বিড়ালছানাদের দায়িত্ব নিতে রাজি নন প্রতিবেশী। আর তা নিয়ে শুরু হয় ধুন্ধুমার।

সম্প্রতি বেঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুই প্রতিবেশী বিড়াল পোষেন। যে প্রতিবেশী মেনি পোষেন, সেটি চার সন্তানের জন্ম দিয়েছে। জন্মের পর বিড়ালছানাগুলি তাদের মায়ের সঙ্গেই রয়েছে। মহিলা প্রতিবেশী পরে জানতে পারেন যে, সেই বিড়ালছানাগুলির বাবা আসলে প্রতিবেশীর পোষ্য হুলো। তা জানতে পেরে বিড়ালছানাগুলিকে নিয়ে পড়শির বাড়িতে হাজির হন তিনি।

Advertisement

বাড়িতে পাঁচটি বিড়াল পুষতে পারবেন না তা স্পষ্ট করে জানিয়ে বিড়ালছানাগুলির দায়িত্ব প্রতিবেশীকে নিতে বলেন তিনি। অন্য দিকে, প্রতিবেশীও চড়া গলায় প্রতিবাদ জানান। তাঁদের পোষ্যেরা যে গোপনে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তা কোনও পক্ষই মেনে নিতে পারছিলেন না। শেষমেশ পুলিশ এই বিষয়ে মধ্যস্থতা করে।

এক প্রতিবেশীর অভিযোগ, দায়িত্ব না নিলে বিড়ালছানাগুলির গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অন্য প্রতিবেশী। পুলিশের কাছে সেই অভিযোগ দায়েরও করতে চেয়েছিলেন তিনি। পরে পুলিশ দু’পক্ষকে শান্ত করে দুই প্রতিবেশীর কাছে দু’টি করে বিড়ালছানা দিয়ে দেয়। সন্তানদের দায়িত্ব বাবা-মা সমান ভাগে পালন করুক, নির্দেশ দেয় স্থানীয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement