Viral Video

কুকুর চুরি করে পাচারের চেষ্টা, বন্দিদশা ভেঙে ছয় ‘বন্ধু’কে পথ চিনিয়ে বাড়ি ফেরাল ছোট্ট কর্গি, ভিডিয়ো ভাইরাল

ব্যস্ত রাস্তার এক ধার দিয়ে দলবদ্ধ ভাবে হেঁটে যাচ্ছে সাতটি কুকুর। একটি ছোট্ট কর্গি একেবারে সামনে রয়েছে এবং অন্য কুকুরগুলি তাকে অনুসরণ করে একই পথে, একই ছন্দে হাঁটছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:২৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তাঘাটে বিপদের অন্ত নেই। তার মধ্যে আবার রাত ঘনিয়ে এসেছে। ব্যস্ত রাস্তায় চলাফেরা করা কি চাট্টিখানি কথা! তবুও ‘ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে’ ঠিক পিছন ফিরে তাকাচ্ছে পুচকে কর্গি। ছোট ‘বীর’-এর কাঁধে রয়েছে আরও ছয় বীরের দেখাশোনার দায়িত্ব। ছয় বন্ধুর ‘পথপ্রদর্শক’ হয়ে সামনে চলেছে কর্গিটি। তাকে অনুসরণ করছে অন্য ছ’টি কুকুর। বড় কুকুরগুলি আবার ছোট কুকুরগুলিকে আড়াল করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একদল কুকুরের ‘মিশন’-এর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কমপ্লেক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার এক ধার দিয়ে দলবদ্ধ ভাবে হেঁটে যাচ্ছে সাতটি কুকুর। একটি ছোট্ট কর্গি একেবারে সামনে রয়েছে এবং অন্য কুকুরগুলি তাকে অনুসরণ করে একই পথে, একই ছন্দে হাঁটছে। জানা গিয়েছে, চিনের চাংচুন গ্রাম থেকে সেই কুকুরগুলিকে চুরি করে ট্রাকে তোলা হয়েছিল। অবৈধ ভাবে সেই কুকুরগুলিকে পাচার করার চেষ্টায় ছিলেন কয়েক জন ব্যক্তি।

কিন্তু সেই বন্দিদশা থেকে কোনও মতে নিজেদের রক্ষা করে পালাতে সমর্থ হয়েছে কুকুরগুলি। মাঝরাস্তায় ট্রাক থেকে পালিয়ে তারা সকলে মিলে ঘরে ফেরার যাত্রা শুরু করেছিল। দু’দিন ধরে ১৭ কিলোমিটার পথ হেঁটে অবশেষে নিজেদের ঠিকানায় পৌঁছোতে সফল হয়েছে সাত ‘বীর’। জানা গিয়েছে, কুকুরগুলি সামান্য আহত হয়েছে ঠিকই, কিন্তু তারা সকলেই সুস্থ রয়েছে। প্রিয় পোষ্যদের ফিরে পেয়ে তাদের মালিকেরাও খুব খুশি। অচেনা পথে পরস্পরের পাশে থেকে তারা যে ভাবে আবার নিজেদের বাড়ি ফিরে গিয়েছে, তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। যদিও কুকুরগুলি কারা চুরি করে নিয়ে গিয়েছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement