Viral Video

শৈশবের স্বপ্নপূরণে ৬০০০ কিমি পাড়ি! বাস্তবে ডোরেমনের বাড়ি দেখে আহ্লাদে আটখানা ভারতীয় তরুণ, ভিডিয়ো ভাইরাল

নোবিতার স্কুল, ডোরেমনের বাড়ি, নোবিতা-ডোরেমন যে রাস্তায় ঘুরে বেড়াত, যে জায়গায় সূর্যাস্ত দেখা যেত— টেলিভিশনের পর্দায় সার্থক যা দেখেছেন, সে সমস্ত জায়গা ঘুরে দেখছেন তরুণ। ভিডিয়ো তুলে তিনি জানান, শুধুমাত্র ডোরেমনে দেখানো জায়গাগুলি চাক্ষুষ করতেই ভারত থেকে জাপান ঘুরতে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৫:১৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুলপড়ুয়ার সর্বক্ষণের সঙ্গী একটি রোবট বিড়াল। বিড়ালের পকেট থেকে প্রয়োজন মতো বেরিয়ে পড়ে অদ্ভুত রকমের সব জিনিস। যাবতীয় সমস্যার সমাধান করতে পারে সেই রোবট বিড়াল। তারুণ্যের ছোঁয়া লাগলেও অনেকেই মনে মনে ডোরেমনের সেই ‘এনিহোয়্যার ডোর’ ব্যবহার করতে চান। যে দরজা খুললে যাওয়া যেতে পারে যেখানে খুশি! তরুণ নেটপ্রভাবীও শৈশব থেকে ডোরেমনের ভক্ত।

Advertisement

বয়স পার হয়ে গেলেও তিনি এখনও কার্টুন দেখতে পছন্দ করেন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, কার্টুনের পর্দায় ডোরেমনের বাড়ি, স্কুল, রাস্তাঘাট, যা দেখেছেন তা বাস্তবে চাক্ষুষ করার। শৈশবের সেই স্বপ্নপূরণ করতে ভারত থেকে ৬০০০ কিমি দূরে জাপানে চলে গেলেন তরুণ। খুঁজে পেলেন ডোরেমনের বাড়িও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘সার্থকসচদেও’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ জাপানের রাস্তাঘাটে ঘুরছেন। বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এ তিনি যে সমস্ত জায়গা দেখেছিলেন, বাস্তবেও জাপানে গিয়ে সেই জায়গাগুলি ঘুরে দেখছেন তিনি। তরুণের নাম সার্থক সচদেও। ভারতের নাগরিক তিনি। পেশায় নেটপ্রভাবী। ছোটবেলা থেকে ডোরেমন দেখতে খুব পছন্দ করেন তিনি। এই কার্টুন চরিত্রের জন্ম হয়েছিল জাপানে।

Advertisement

মূল চরিত্র নোবিতা এবং তার রোবট বিড়াল ডোরেমন। নোবিতার স্কুল, ডোরেমনের বাড়ি, নোবিতা-ডোরেমন যে রাস্তায় ঘুরে বেড়াত, যে জায়গায় সূর্যাস্ত দেখা যেত— টেলিভিশনের পর্দায় সার্থক যা দেখেছেন, সে সমস্ত জায়গা ঘুরে দেখছেন তিনি। সার্থক ভিডিয়োয় জানান, শুধুমাত্র ডোরেমনে দেখানো জায়গাগুলি বাস্তবে চাক্ষুষ করতেই তিনি ভারত থেকে জাপান ঘুরতে গিয়েছেন।

শৈশবের স্বপ্ন পূরণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সার্থক। ভিডিয়োটি দেখে নেটপাড়ায় ভালবাসার বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘ছোটবেলা থেকে আমাদের অনেক স্বপ্ন থাকে। আপাতদৃষ্টিতে তা অপরিণত মনে হলেও সেগুলি বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন। আপনি যে শৈশবের স্বপ্ন পূরণ করতে পেরেছেন, তা দেখে খুব ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement