ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঝরাতে কয়েক হাজার ফুট উপর দিয়ে যাত্রিবাহী বিমান উড়ে যাচ্ছে। জানলা দিয়ে বাইরে তাকালেই দেখা যাচ্ছে আলোর গুচ্ছ। এক নজরে দেখলে মনে হয়, সরু সুতোর মতো আলোর নদী যেন এঁকেবেঁকে বয়ে যাচ্ছে। বিমানের যাত্রীরা যেন এই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে পারেন, তাই জানলা থেকে বাইরে তাকানোর অনুরোধ করলেন পাইলট। বিমানে বসে জানলা দিয়ে যা দেখলেন, তা ক্যামেরাবন্দি করলেন এক যাত্রী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ক্যাপ্ট_প্রদীপকৃষ্ণণ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ইন্ডিগো বিমান সংস্থার এক পাইলট যাত্রীদের বাইরের দৃশ্য দেখার জন্য অনুরোধ করছেন। আসলে, বিমান থেকে তখন পাখির চোখে ভারত-পাকিস্তানের সীমান্ত দেখা যাচ্ছিল। যাত্রীরা সেই অভিজ্ঞতা লাভ করুন, তা চাইছিলেন তরুণ পাইলট।
ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘বলা হয়, রাতে মহাকাশ থেকেও ভারত-পাকিস্তান সীমান্ত দেখা যায়। তা যেন অন্ধকারের বুক চিরে যাওয়া আলোর এক উজ্জ্বল রেখা। বিমান থেকেও তা স্পষ্ট দৃশ্যমান।’’ যাত্রীদের উদ্দেশে পাইলট বললেন, ‘‘দয়া করে আপনারা যদি বিমানের বাইরের দিকে তাকান, তা হলে বিশ্বের অন্যতম সংবেদনশীল ও কঠোর ভাবে সুরক্ষিত ভারত-পাকিস্তান সীমান্তের এক ঝলক দেখতে পাবেন।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিস্ময় প্রকাশ করেছেন নেটপাড়ার অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিই পাখির চোখে জায়গাটিকে কত সুন্দর দেখায়। অথচ এই অঞ্চলের সঙ্গে রক্তপাতের কত কঠিন ইতিহাস জড়িয়ে রয়েছে!’’