ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
প্রতি দিন সকালে নিয়ম মেনে সমুদ্রে স্নান করতে যান এক প্রৌঢ়। কখনও এই নিয়মের অন্যথা করেননি তিনি। প্রতি দিনের মতোই রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেমে সমুদ্রসৈকতের দিকে যাচ্ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তের মধ্যে মডেল হয়ে উঠবেন, তা ঠাহর করতে পারেননি। আসলে, সেই মুহূর্তে সমুদ্রসৈকতের ধারে একটি ফ্যাশন শো চলছিল। মডেলরা উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলেন এক এক করে। নীচে সেই শো ক্যামেরাবন্দি করছিলেন আলোকচিত্রীরা। কোনও কিছু খেয়াল না করেই মডেলদের মাঝে ঢুকে পড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন এক প্রৌঢ়।
কিছু ক্ষণ পর নীচে ক্যামেরা এবং লোকজনের ভিড় দেখে তিনি বুঝতে পারলেন, ফ্যাশন শোয়ের মধ্যে ‘অনুপ্রবেশকারী’র মতো ঢুকে পড়েছেন তিনি। অপ্রস্তুত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ালেন তিনি। তার পর পরনের শার্ট খুলে কিছু ক্ষণ শরীরচর্চার পর সমুদ্রস্নান সেরে ফেললেন প্রৌঢ়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তোয়ালে কাঁধে এক প্রৌঢ় শার্ট এবং শর্ট প্যান্ট পরে সিঁড়ি ভেঙে সমুদ্রসৈকতে নামছেন। সেই মুহূর্তে একই জায়গায় একটি ফ্যাশন শো চলছিল। তা বুঝতে না পরেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন তিনি। সম্প্রতি ঘটনাটি অস্ট্রেলিয়ার সিডনির তামারামা সমুদ্রসৈকতে ঘটেছে। প্রৌঢ়ের নাম ডেভিড হ্যান্ডলে। সেখানকার স্থানীয় তিনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, টানা ৩০ বছর ধরে সকালে তামারামা সমুদ্রসৈকতে যান ডেভিড। কিছু ক্ষণ শরীরচর্চা করার পর সেখানেই সমুদ্রস্নান সেরে বাড়ি ফেরেন। অন্যান্য দিনের মতো সে দিনও তিনি কাঁধে তোয়ালে নিয়ে সমুদ্রস্নান সারতে গিয়েছিলেন। অজান্তে ফ্যাশন শোয়ের অংশ হয়ে যান তিনি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘প্রৌঢ়ের ভাগ্য দেখছি খুব ভাল! সমুদ্রস্নান সারতে গিয়ে মডেলিংয়ের সুযোগও পেয়ে গেলেন।’’