ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিদ্যুতের তারের মধ্যে জড়িয়ে ঝুলছিল ঘুড়ির সুতো। উড়তে গিয়ে সেই সুতোয় জড়িয়ে আটকে পড়ে একটি সাদা পেঁচা। বিদ্যুতের তার থেকে বিপজ্জনক ভাবে ঝুলছিল সে। এক স্থানীয়ের নজরে পড়ায় সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। বিদ্যুতের তার থেকে পেঁচাটিকে উদ্ধার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিইংতথাস্তু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পেঁচা বিদ্যুতের তার থেকে বিপজ্জনক ভাবে ঝুলছে। সেই তারে ঘুড়ির সুতো জড়ানো ছিল। ডানা জড়িয়ে সেখানে আটকে পড়ে সেটি। কোনও ভাবেই নিজেকে বাঁধনমুক্ত করতে পারছিল না পেঁচাটি। জানা গিয়েছে, সম্প্রতি পুণেয় এই ঘটনাটি ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী পেঁচাটিকে এই অবস্থায় দেখে দমকল বিভাগে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোন দমকলকর্মীরা।
বিদ্যুতের তারটি এতটাই উচ্চতায় ছিল যে, স্বয়ংক্রিয় মই দিয়েও সেখানে পৌঁছোতে পারছিলেন না তাঁরা। পরে কাঠের লম্বা লাঠি দিয়ে বিদ্যুতের তারটি নাগালের মধ্যে নিয়ে আসেন এক তরুণ দমকলকর্মী। তার পর কাঁচি দিয়ে ঘুড়ির সুতো কেটে পেঁচাটিকে উদ্ধার করা হয়। পরে এক পশু বিশেষজ্ঞকে ডেকে পেঁচাটির স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।
ডানার মধ্যে যে ঘুড়ির সুতো জড়িয়েছিল তা সম্পূর্ণ সরিয়ে দিয়ে পেঁচাটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পেঁচাটিকে উদ্ধার করার জন্য সকলে মিলে যে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছেন, তার জন্য সকলকেই ধন্যবাদ। মানবতার এই রূপ এখনও বজায় রয়েছে দেখে মন ভরে গেল।’’