ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কর্পোরেট সংস্থা মানেই নিত্য দিন কাজের চাপ, মুখ গুঁজে কাজ করে যাওয়া। তার পাশাপাশি থাকে হরেক নিয়মের বেড়াজাল। অসুস্থ হলেও কোনও ছাড় মেলে না। সম্প্রতি কর্পোরেট জগতের এক নয়া বিধির কথা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই অদ্ভুত দাবি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকদের অনেকেই।
‘দেবলীনা.____’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে এক তরুণী দাবি করেছেন যে তিনি দু’দিনের অসুস্থতাজনিত ছুটি নিয়েছিলেন। সুস্থ হয়ে কাজে যোগ দেওয়ার পর তরুণী জানতে পারেন যে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে তাঁর সংস্থায়। অসুস্থ থাকলেও দিনের দিন ছুটির আবেদন করলে চলবে না, জানাতে হবে আগের রাতেই। তরুণী ব্যঙ্গ করে তাঁর ঊর্ধ্বতনকে প্রশ্ন করেছেন যে, তিনি কি বরাবরই এমন অযৌক্তিক কথাবার্তা বলেন, না কি সংস্থার উচ্চ পদে যোগ দেওয়ার পরে এমনটা শুরু করেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
তরুণী এ কথাও জিজ্ঞাসা করেন, কারও পক্ষে কী ভাবে আগে থেকে জানা সম্ভব যে তিনি কবে অসুস্থ হয়ে পড়বেন। কোনও আগাম বার্তা তো আর আসে না এ সম্পর্কে। তিনি যদি যে কোনও বিষয় নিয়ে আগে থেকে জানতেই পারতেন, তবে তিনি এই সংস্থায় পড়ে থাকতেন না, আইপিএলের ভবিষ্যদ্বাণী করে টাকা উপার্জন করতেন, এ কথা বলেও মশকরা করেছেন তরুণী।
ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পরেই প্রায় ২৪ হাজার মানুষ ভালবাসার চিহ্ন দিয়েছেন তাতে। কর্পোরেট সংস্থাগুলিতে কাজের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন অনেকেই। এক নেটাগরিকের মতে, এটিই ‘দু:খজনক বাস্তব’। প্রায় একই অভিজ্ঞতা আর এক সমাজমাধ্যম ব্যবহারকারীর। তিনি লিখেছেন, “আমার ঊর্ধ্বতনও আমায় অসুস্থতাজনিত ছুটির পরিকল্পনা সূচি জিজ্ঞাসা করেন, কারণ সেই অনুযায়ী তিনি কাজ ভাগ করে দেবেন। অসুস্থতা কখনও পরিকল্পিত ভাবে আসে!” ঊর্ধ্বতন ওষুধ খেয়ে অফিসে চলে আসতে বলেছেন, এমন অভিজ্ঞতাও জানিয়েছেন কেউ কেউ।